রাজ্য

৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’, জট কাটাতে ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছে ২০০ জুডিশিয়াল অফিসার

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় থাকায় তৈরি হয়েছে বড়সড় প্রশাসনিক জট। সেই অচলাবস্থা দ্রুত কাটাতে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী পরশুর মধ্যেই ওই অফিসারদের রাজ্যে পৌঁছনোর কথা।

প্রশাসনিক সূত্রের দাবি, এখনও পর্যন্ত মোট প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৬ লক্ষ নামের নথি খতিয়ে দেখার কাজ সম্পন্ন হয়েছে। কমিশন অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, অ্যাডজুডিকেশন সম্পন্ন মানেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে, তা নয়। প্রয়োজনীয় নথি যাচাই করে যাঁদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে, কেবল তাঁদেরই মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল প্রক্রিয়ার দায়িত্ব সামলাচ্ছেন। তবে কাজের বিপুল চাপ এবং সময়সীমার কথা মাথায় রেখে প্রতিবেশী দুই রাজ্য থেকে ১০০ জন করে মোট ২০০ জন অতিরিক্ত অফিসার আনা হচ্ছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই যতটা সম্ভব এই জটিলতা কাটিয়ে ফেলা।

সূত্রের খবর, ভিন্ রাজ্য থেকে আসা অফিসারদের মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR প্রক্রিয়ার কাজ করছেন, তাঁরা এখন শেষ পর্যায়ের নথি যাচাইয়ের কাজ চালাচ্ছেন। সেই নথি খতিয়ে দেখার কাজ শেষ হলেই সংশ্লিষ্ট ভোটারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়ে থাকা ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত এসআইআর-এর চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম প্রকাশিত হয়েছে। তবে তার মধ্যেই ওই ৬০ লক্ষের বেশি নাম রয়েছে, যাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত হয়নি।

এই বিপুল সংখ্যক ভোটারের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে নির্বাচন করানো যাবে না— এই দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে বিরোধী দলগুলি।

অন্যদিকে, ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতায় আন্দোলনে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেল, এসপ্ল্যানেডে ধর্না-অবস্থানে বসবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.