অফবিট

প্রতিদিনের ডালে একঘেয়েমি? ৫ রকম ডাল মিশিয়ে বানান রাজস্থানি ‘পঞ্চমেল’, স্বাদে একবারেই মন জয়!

রুটি, পরোটা কিংবা ভাত—সঙ্গী হিসেবে প্রতিদিন একই রকম ডাল-তরকারি খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। অথচ ডাল দিয়েই তৈরি করা যায় এমন একটি পদ, যা স্বাদে যেমন আলাদা, তেমনই পুষ্টিতেও ভরপুর। রান্নাঘরের সামান্য কিছু উপকরণেই বানিয়ে ফেলতে পারেন রাজস্থানের জনপ্রিয় ‘পঞ্চমেল ডাল’।

নাম থেকেই বোঝা যায়, পাঁচ ধরনের ডালের মিশেলে তৈরি এই পদ। পাঁচ রকম ডালের স্বাদ ও গন্ধ একসঙ্গে মিশে তৈরি করে দারুণ একটি ঘরোয়া পদ। নৈশাহারে রুটি বা পরোটার সঙ্গে যেমন জমবে, তেমনই ভাতের সঙ্গেও খেতে পারবেন।

যা যা লাগবে

এক কাপ করে সবুজ মুগ, বিউলির ডাল, ছোলার ডাল, মুসুর ডাল ও মুগ ডাল। এছাড়াও লাগবে ৩ টেবিল চামচ ঘি, এক চা-চামচ গোটা জিরে, আধ চা-চামচ হিং, দু’টি শুকনো লঙ্কা, ৩-৪টি কাঁচালঙ্কা, এক চা-চামচ হলুদ, এক চা-চামচ ধনেগুঁড়ো, এক চা-চামচ আদাকুচি এবং দু’টেবিল চামচ ধনেপাতা কুচি। স্বাদমতো নুন নেবেন।

যেভাবে বানাবেন

প্রথমে পাঁচ ধরনের ডাল ভালো করে ধুয়ে অন্তত ৬-৭ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে নুন ও হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নিন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।

এবার কড়াইয়ে ঘি গরম করুন। তাতে হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ফোড়ন দিন। এরপর আদাকুচি, হলুদ ও ধনেগুঁড়ো দিয়ে অল্প আঁচে ভালো করে নাড়ুন।

মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে দিন। সবটা ভালোভাবে মিশিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করুন। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

গরম গরম পঞ্চমেল ডাল পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে। একঘেয়ে ডালের বদলে রাতের মেনুতে এই রাজস্থানি পদ থাকলে বাড়ির সকলেরই মন ভালো হয়ে যাবে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.