বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে। এমনকি, কমিশন নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকার ডিজিকে বদল করেছে। এবার ভিন রাজ্যে ভোটের কাজে সেই বাংলার পুলিশকেই ব্যবহার করছে তারা। বুধবার রাজ্যের মোট ১৫ কোম্পানি পুলিশ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে পাঠাচ্ছে।
নির্বাচন কমিশন আপাতত বাংলার ৫ কোম্পানি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশে লোকসভা নির্বাচনের জন্য। দুর্গাপুর ৫ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে তারা মধ্যপ্রদেশে কাজ করা শুরু করে দেবে। অন্যদিকে, ছত্তিশগড়ে পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের ১০ কোম্পানি বাহিনী। এই ১০ কোম্পানি বাহিনীর মধ্যে বারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ৫ কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ২ কোম্পানি, EFR ব্রিগেড থেকে ১ কোম্পানি, কলকাতা পুলিশ থেকে ২ কোম্পানি বাহিনীকে ছত্তিশগড়ে লোকসভা নির্বাচনে কাজে লাগানো হবে। আগামী ১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট স্থানে ১০ কোম্পানি বাহিনী কাজ শুরু করে দেবে।
পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক অফিসার ৯ এমএম পিস্তল সঙ্গে রাখবেন। কনস্টেবলরা সঙ্গে রাখবেন এসএলআর, ইনসাস। জানা গিয়েছে, দুপুর ৩টের সময় রাজ্য পুলিশের প্রত্যেকটি কোম্পানি কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেনে চেপে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলার প্রধান বিরোধী দল বিজেপি রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
তারা অভিযোগ জানিয়েছে, পুলিশ রাজ্যের শাসকদলের হয়ে ভোট করাচ্ছে। এবার সেই পুলিশকেই কমিশন বিজেপিশাসিত রাজ্যে ভোটের কাজে ব্যবহার করছে। যার জেরে উঠছে নানা প্রশ্ন।







