দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজেপির দাবি, ক্যানিংয়ের মটেরদীঘি এলাকার ২৫৭ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। ব্যাপক মারধরের জেরে একাধিক কর্মী গুরুতর জখম হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার প্রয়োজন।
এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বারুইপুর। বিজেপি কর্মী-সমর্থকরা আহতদের সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শুরু হয় অবস্থান বিক্ষোভ। এই ধরনায় উপস্থিত ছিলেন আহত বিজেপি কর্মী বাপন মণ্ডল ও সুমন হালদারও।
চাপের মুখে তৎপর হয় পুলিশ প্রশাসন। গুরুতর আহত বিজেপি কর্মী রাজু সিংহকে পুলিশি সহায়তায় কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যানিং ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের দিন এ ধরনের সহিংসতা নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।





