রাজ্য

সরকারি প্রকল্পে গতি আনতে দপ্তরগুলির আর্থিক ক্ষমতা দ্বিগুণ করল রাজ্য

সরকারি প্রকল্পের অনুমোদন এবং বাস্তবায়নের কাজ দ্রুত করতে রাজ্যের বিভিন্ন দপ্তরের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল সরকার। কোন দপ্তর কত টাকা পর্যন্ত প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দিতে পারবে, সেই সীমা নতুন করে নির্ধারণ করে নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর।

এতদিন কোনও প্রকল্পের কাজ শুরু বা বাস্তবায়নের ক্ষেত্রে বারবার অর্থদপ্তরের অনুমতি নিতে হত। ফলে প্রশাসনিক প্রক্রিয়ায় সময় লাগত এবং অনেক ক্ষেত্রে প্রকল্পের কাজও পিছিয়ে যেত। এই সমস্যা দূর করে কাজের গতি বাড়াতেই বিভিন্ন দপ্তরের হাতে আরও বেশি আর্থিক ক্ষমতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পূর্ত, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার থেকে সর্বোচ্চ ৬ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক মঞ্জুরি দিতে পারবে। আগে এই দপ্তরগুলির ক্ষেত্রে সেই সীমা ছিল ৩ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় অনুমোদনের ক্ষমতা দ্বিগুণ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন, পুর ও নগরোন্নয়ন সংক্রান্ত অন্যান্য দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের আর্থিক অনুমোদনের ঊর্ধ্বসীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। বাকি সমস্ত দপ্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন দেওয়ার ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। আগে এই সীমা ছিল ৭৫ লক্ষ টাকা।

তবে আর্থিক ক্ষমতা বাড়ানো হলেও অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকছে। সংশ্লিষ্ট দপ্তরের বাজেট বরাদ্দ কত রয়েছে, ইতিমধ্যে চলা প্রকল্পগুলির জন্য কতটা আর্থিক দায় রয়েছে এবং দপ্তরের আর্থিক উপদেষ্টার সম্মতি মিলেছে কি না, সেগুলি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে। নতুন প্রকল্পের পাশাপাশি সংশোধিত প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

রাজ্য সরকারের আশা, এই সিদ্ধান্তের ফলে ছোট ও মাঝারি অঙ্কের প্রকল্পের অনুমোদনের জন্য বারবার উচ্চতর কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হবে না দপ্তরগুলিকে। এতে প্রশাসনিক জটিলতা কমার পাশাপাশি সরকারি প্রকল্পের অনুমোদন এবং কাজ সম্পূর্ণ করার প্রক্রিয়াও অনেক দ্রুত হবে। অর্থদপ্তরের তরফে জানানো হয়েছে, নতুন নির্দেশিকা অবিলম্বে কার্যকর হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.