দেশ

উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! মাদার ডেয়ারির পর দেশজুড়ে দুধের দাম বাড়াল আমুল

উৎসবের মরশুমে ফের সাধারণ মানুষের পকেটে টান। মাদার ডেয়ারির পর এবার দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল আমুল। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার দুধের দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধিতে এমনিতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তার উপর পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে উৎপাদন ও পরিবহণ খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে বিভিন্ন পণ্যের দামে। তারই মধ্যে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বুধবার দুধের দাম বৃদ্ধির ঘোষণা করে মাদার ডেয়ারি। একই দিনে আমুলও দেশজুড়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে।

আমুলের ঘোষণা অনুযায়ী, দিল্লিতে এক লিটার আমুল গোল্ডের দাম ৮০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৪ টাকা। অন্যদিকে, এক লিটার আমুল তাজার দাম ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬২ টাকা। ৫০০ মিলিলিটার আমুল বাফেলো মিল্কের দাম ৩৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৩ টাকা। একইভাবে আমুল শক্তি দুধের দামও বৃদ্ধি করা হচ্ছে। দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য শহরেও সংশোধিত মূল্য কার্যকর হবে।

কেন এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত? সংস্থার দাবি, গত এক বছরে গবাদি পশুর খাবার, দুধের প্যাকেজিং সামগ্রী এবং জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি আমুল জানিয়েছে, দুধ উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহের জন্য দেওয়া মূল্যও ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে মাদার ডেয়ারিও দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। সংস্থাটি প্রতি লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে আপাতত দিল্লি-এনসিআর এলাকায় নতুন দাম কার্যকর হচ্ছে। দেশের অন্যান্য প্রান্তেও একই হারে দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি মাদার ডেয়ারি। ফলে উৎসবের মরশুমে পরপর দুই সংস্থার এই সিদ্ধান্তে দুশ্চিন্তা বেড়েছে সাধারণ ক্রেতাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.