ভারতীয় রেলে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন’ বা RAC ব্যবস্থা কি এবার বন্ধ হতে চলেছে? সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) আরএসি টিকিটের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে রেল মন্ত্রক। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সরকারি স্তরেও কোনও ঘোষণা করা হয়নি।
বস্তুত, বহু পুরনো এই ব্যবস্থাকে ঘিরে যাত্রীদের অসন্তোষ এবং বিতর্ক দীর্ঘদিনের। বর্তমান নিয়মে RAC টিকিটে দু’জন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ ভাগ করে যাত্রা করতে হয়। অথচ দু’জনকেই টিকিটের জন্য দিতে হয় সম্পূর্ণ ভাড়া। অর্থাৎ, একটি আসন ভাগ করে নেওয়ার পরেও ভাড়ার ক্ষেত্রে কোনও ছাড় মেলে না। স্বাভাবিকভাবেই এতে সমস্যায় পড়েন বহু যাত্রী। বিশেষত, একই বার্থে দু’জন অপরিচিত যাত্রীর মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা হলে অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে। দীর্ঘপথের যাত্রায় একই আসন ভাগ করে নেওয়া নিয়ে অনেক সময় যাত্রীদের মধ্যে মতবিরোধ এবং বচসাও দেখা যায়। ফলে এই ব্যবস্থার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
রেল পরিষেবায় বহু বছর আগে এই নিয়ম চালু হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা কতটা, তা নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই সংশয় রয়েছে। বিশেষ করে, পূর্ণাঙ্গ বার্থ না পেয়েও কেন একজন যাত্রীকে সম্পূর্ণ ভাড়া দিতে হবে, সেই প্রশ্ন উঠেছে একাধিকবার। আরএসি ব্যবস্থা বাতিল করা কিংবা এর নিয়মে পরিবর্তন আনার দাবিও তাই নতুন নয়। এবার সেই বিষয়টি নিয়ে রেল কর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া একটি রিপোর্টে আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে আপত্তি জানায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কমিটির বক্তব্য, যেসব যাত্রী সম্পূর্ণ বার্থ পাচ্ছেন না, তাঁদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়া কতটা যুক্তিসংগত, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, পূর্ণাঙ্গ বার্থ না পাওয়া যাত্রীদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়ার সুপারিশও করা হয়। সংসদে এই বিষয়টি আলোচনায় আসার পর থেকেই আরএসি ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক।
রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, যাত্রীদের বড় অংশই মনে করেন, বর্তমান আরএসি ব্যবস্থা যথাযথ নয়। কারণ, একজন যাত্রী সম্পূর্ণ আসন না পেলেও তাঁকে পুরো টাকাই খরচ করতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত গোটা আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হবে, নাকি যাত্রীদের ভাড়ার কিছু অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার শ্রেণিতে ইতিমধ্যেই আরএসি ব্যবস্থা রাখা হয়নি। এই ট্রেনগুলিতে শুধুমাত্র নিশ্চিত আসন বা কনফার্মড বার্থই বরাদ্দ করা হচ্ছে। ফলে আগামী দিনে দেশের অন্যান্য ট্রেনেও একই নিয়ম চালু হয় কি না, এখন সেদিকেই নজর যাত্রীদের।







