শিক্ষা

গরমের ছুটি, পুজোর ছুটিতে কাটছাঁট? স্কুলের ছুটির ক্যালেন্ডার বদলানোর ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের

সরকারি কর্মচারীদের ছুটি কমানোর উদ্যোগের মধ্যেই এবার রাজ্যের স্কুলগুলির ছুটির তালিকা নিয়েও শুরু হল নতুন আলোচনা। গরমের দীর্ঘ ছুটি থেকে শুরু করে দুর্গাপুজোর ছুটি—সব ক্ষেত্রেই কাটছাঁটের সম্ভাবনা খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, স্কুলে পঠন-পাঠনের দিন বাড়াতে শিক্ষক-শিক্ষিকাদের ছুটির সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্প্রতি রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমানোর বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি দফতরে কাজের পরিবেশ আরও উন্নত করতে ছুটির বর্তমান কাঠামো পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দফতরের সচিবকে। নবান্ন সূত্রে খবর, আগামী বছর থেকেই সরকারি কর্মীদের ছুটির তালিকায় পরিবর্তন আসতে পারে। এই আবহেই স্কুলের ছুটি নিয়েও নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ গরমের ছুটি এবং পুজোর ছুটির কারণে অনেক সময় স্কুলে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হয়। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকলে পড়ুয়ারা পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে ফেলতে পারে। ছুটির পর স্কুল খুললে ফের পুরনো ছন্দে ফিরতেও সময় লাগে তাদের। বিশেষ করে পুজোর ছুটির পর পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়তে হয় অনেক পড়ুয়াকে। সেই কারণেই ছুটির সময়সীমা কমিয়ে শিক্ষাদানের দিন বাড়ানো যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে সরকারি দফতরে বছরে ছুটির সংখ্যা প্রায় ৫২ দিন। স্কুলের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় ৬৫। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ছুটি কমিয়ে ৪০ দিনে আনার বিষয়ে আগেই মত প্রকাশ করেছেন। এবার স্কুলের ছুটির ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তনের প্রস্তাব সামনে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনা করতে চান মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা। সেই আলোচনার পর প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে। তবে শেষ পর্যন্ত গরমের ছুটি কিংবা পুজোর ছুটিতে কতটা পরিবর্তন হবে, তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপাতত নতুন ছুটির ক্যালেন্ডার নিয়ে স্কুল শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.