রাজ্যশিক্ষা

চার বছর পর ফের চালু উৎসশ্রী পোর্টাল, অনলাইনে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা

চার বছর পর ফের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু করল রাজ্য সরকার। বুধবার থেকে পুনরায় চালু হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের ‘উৎসশ্রী’ পোর্টাল। এর ফলে যোগ্য শিক্ষকরা আবার অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন।

স্কুল শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশেষ কিছু প্রশাসনিক কারণে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া চলায় দীর্ঘ সময় পোর্টালটি বন্ধ ছিল। বুধবার থেকে আগের নিয়ম মেনেই সব ধরনের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

দপ্তরের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২০১৫ সালের বিধি অনুসারেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তাঁর মতে, পোর্টাল ফের চালু হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহু বদলির আবেদন নিষ্পত্তির পথ খুলবে।

তবে শিক্ষক সংগঠনগুলির একাংশের দাবি, ২০২১ সাল থেকে যাঁদের আবেদন এখনও মুলতুবি রয়েছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া উচিত। অন্যথায় নতুন করে আইনি জটিলতা তৈরি হতে পারে। সংগঠনের এক নেতার বক্তব্য, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই বদলির প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

অন্য একটি শিক্ষক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, বদলির ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া চলবে না। পাশাপাশি শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ নিশ্চিত করার দাবিও জানিয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.