পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে পুলিশের আধুনিকীকরণ সংক্রান্ত একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে পুলিশের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে এদিন থেকে পথ চলা শুরু করল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন সভাঘর থেকে এই নতুন অ্যাপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশের আধুনিকীকরণ নিয়ে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে মউ স্বাক্ষর করেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পূর্ববর্তী সরকারের সময়ে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে বর্তমান সরকার কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। পুলিশের পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ক্ষেত্রে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সরকার।
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও নিবিড় করতেই চালু করা হয়েছে ‘পুলিশ মিত্র’ অ্যাপ। এই অ্যাপের সাহায্যে বাসিন্দারা নিজেদের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। বিশেষভাবে বিট অফিসারদের সম্পর্কে বিস্তারিত তথ্যও থাকবে সেখানে। মুখ্যমন্ত্রীর মতে, কোনও এলাকার বাসিন্দাদের জানা দরকার, তাঁদের এলাকার দায়িত্বে কে রয়েছেন এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের কাজের পরিধি কতটা। বিট অফিসারদের দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ধারণা থাকলে পুলিশের সঙ্গে জনসাধারণের যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি প্রশাসনিক কাজেও স্বচ্ছতা বাড়বে।
এদিনের বৈঠকে রাজ্যে পুলিশকর্মীর ঘাটতির বিষয়টিও ফের সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশের দায়িত্ব ও কাজের পরিধি ক্রমশ বাড়লেও সেই অনুপাতে পর্যাপ্ত কর্মী নেই রাজ্যে। শুধু পরিকল্পনা তৈরি করলেই চলবে না, সেই পরিকল্পনা বাস্তবে কার্যকর করাও জরুরি। আর তার জন্য প্রয়োজন যথেষ্ট সংখ্যক পুলিশকর্মী। বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের জনবলের অভাব যথেষ্ট উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশের হাতে আরও উন্নত প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম তুলে দেওয়ার উপরেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের দৈনন্দিন কাজের উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা দরকার। একইসঙ্গে প্রশাসনের অভ্যন্তরে কে কার কাছে রিপোর্ট করবেন, সেই রিপোর্টিং কাঠামোও নির্দিষ্ট হওয়া প্রয়োজন।
বিট স্তরে পুলিশের কাজে সিভিক ভলান্টিয়ারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়টিও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে সাতজন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে কাজ চালাতে হচ্ছে। তবে আগামী দিনে এই ব্যবস্থায় পুলিশ আধিকারিকদের ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। সেই লক্ষ্য পূরণে সুনির্দিষ্ট ও কার্যকর রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশ প্রশাসনের ভিত আরও মজবুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এই গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে পুলিশের বিশেষ দল। পাশাপাশি স্বরাষ্ট্র সচিবও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং সীমান্তবর্তী রাজ্য হওয়ার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, প্রত্যাশিত ফল পেতে রাজ্যকে আরও তিন মাস সময় দেওয়া দরকার। এই সময়কালে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে জেলাস্তরে একাধিক সমন্বয় বৈঠক হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে কোনও তথ্য আড়াল করার পক্ষপাতী নয় রাজ্য সরকার। পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্র-রাজ্যের মধ্যে যে দূরত্ব ও সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায়।







