বিনোদন

পাঁচ দশকের সঙ্গীর সঙ্গে পথচলা শেষ, প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়

বিনোদনজগতে ফের শোকের খবর। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্তের মৃত্যু হয়েছে মুম্বইয়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মেয়ের মেঘার তরফে বাবার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্ত। ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৬ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। পরিবারের সঙ্গে দীপাবলিও কাটিয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বলে আশায় ছিলেন পরিজনেরা। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত পূরণ হল না। পরিবারের দাবি, শান্তিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

**প্রচারের আলো থেকে দূরেই ছিল তাঁর জীবন**

বিখ্যাত পরিবারের সদস্য হলেও প্রচারের আলোয় আসতে বিশেষ আগ্রহী ছিলেন না জয়ন্ত। অভিনয়ের বদলে ছবি ও টেলিভিশন প্রযোজনার কাজেই নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজক হিসেবেও কাজ করেছিলেন।

মৌসুমী ও জয়ন্তের দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। তাঁদের দুই কন্যা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলের মৃত্যুতে গভীর শোকের মুখে পড়েছিলেন অভিনেত্রী। সেই ক্ষত এখনও স্মৃতিতে, তার মধ্যেই এবার জীবনসঙ্গীকে হারালেন তিনি। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের আবহ নেমে এসেছে বিনোদন মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.