কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নজিরবিহীন অস্বস্তিতে পড়ল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। বইটির বিরোধিতা করতে গিয়ে ভুল করে দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছবিই ছিঁড়ে ফেললেন শিন্ডে শিবিরের নেত্রী শাইনা এনসি! আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার শিন্ডে সেনাকে নিশানা করতে ময়দানে নেমেছে উদ্ধব ঠাকরের শিবির ও কংগ্রেস।
সম্প্রতি প্রকাশিত সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং’-এ বীর সাভারকারকে অসম্মান করা হয়েছে এবং ইতিহাস বিকৃতির চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ তোলে শিন্ডে শিবসেনা। এই অভিযোগে বুধবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শাইনা এনসি, সঞ্জয় নিরুপম এবং আনন্দ দুবের মতো শিবসেনার একাধিক গুরুত্বপূর্ণ নেতা। বইটির বিতর্কিত অংশের প্রতিবাদ জানাতে তাঁরা বইয়ের পাতা ছিঁড়তে শুরু করেন। পাশাপাশি প্রকাশক সংস্থা হার্পার কলিন্সের কাছে ২০১ ও ৪৪৩ নম্বর পাতার নির্দিষ্ট অংশ বাদ দেওয়ার দাবিও জানানো হয়।
কিন্তু প্রতিবাদ জানাতে গিয়েই ঘটে বিপত্তি। পাতা ছেঁড়ার সময় শাইনা এনসি এমন একটি ছবি ছিঁড়ে ফেলেন, যেখানে বাল ঠাকরেকে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কুশপুতুলে চপ্পল দিয়ে আঘাত করতে দেখা যাচ্ছে। পাশে থাকা সঞ্জয় নিরুপম বিষয়টি বুঝিয়ে দিতেই তড়িঘড়ি ছেঁড়া ছবিটি কাগজের আড়ালে ঢাকার চেষ্টা করেন শাইনা। যদিও পরে শিন্ডে শিবিরের তরফে দাবি করা হয়, ছবিতে থাকা ব্যক্তিটি বাল ঠাকরে নন, বরং মণিশঙ্কর আইয়ার। শাইনা নিজেও দাবি করেন, তিনি আসলে আইয়ারের ছবিই ছিঁড়েছেন, বাল ঠাকরের নয়।
উল্লেখ্য, উদ্ধব ঠাকরের শিবিরকে রাজনৈতিকভাবে আক্রমণ করতেই ওই ছবিটি ব্যবহার করার পরিকল্পনা করেছিল শিন্ডে সেনা। তাদের বক্তব্য ছিল, বালাসাহেব ঠাকরে সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে এসেছেন। অথচ বর্তমানে সেই কংগ্রেসের সঙ্গেই রাজনৈতিক সমঝোতা করেছে উদ্ধব শিবসেনা। ২০০৪ সালের ২৭ অগস্ট বীর সাভারকারকে নিয়ে মণিশঙ্কর আইয়ারের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিবাজি পার্কে গিয়ে তাঁর কুশপুতুলে চপ্পল দিয়ে আঘাত করেছিলেন বাল ঠাকরে। সেই ঘটনার ছবিকেই উদ্ধব শিবিরের বিরুদ্ধে হাতিয়ার করতে চেয়েছিল শিন্ডে গোষ্ঠী।
এই ঘটনাকে কেন্দ্র করে এরপর বৃহন্মুম্বই পুরসভা (BMC)-তে শুরু হয় তীব্র বিক্ষোভ। উদ্ধব শিবসেনার (UBT) কর্পোরেটররা শাইনা এনসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিও তোলেন। মুম্বইয়ের প্রাক্তন মেয়র তথা উদ্ধব শিবিরের নেত্রী কিশোরী পেডনেকর বলেন, বালাসাহেবের অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। শিন্ডে শিবসেনার বালাসাহেবের প্রতি ভালোবাসা যে সম্পূর্ণ লোকদেখানো, এই ঘটনা তারই প্রমাণ। শুধু তাই নয়, BMC-র সদর দফতরে মেয়র ঋতু তাওড়ের দফতরের বাইরেও বিক্ষোভ দেখান উদ্ধবপন্থী কর্মীরা।
অন্যদিকে, পাল্টা জবাব দিতে ছাড়েনি শিন্ডে শিবিরও। দলের নেতা অময় ঘোলে কটাক্ষ করে বলেন, সনিয়া গান্ধীর বই এখন উদ্ধব শিবসেনার কাছে কার্যত ‘ভগবদ্গীতা’ হয়ে উঠেছে। তাঁর দাবি, যে ছবিটি ছেঁড়া হয়েছে, সেটি মণিশঙ্কর আইয়ারেরই। তা নিয়ে উদ্ধব শিবিরের এত আপত্তির কারণ কী, সেই প্রশ্নও তোলেন তিনি। বিতর্কের মধ্যেই উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে শাইনা এনসিকে তলব করেন। বিধানসভাতেই শিন্ডের সঙ্গে দেখা করেন শাইনা।
এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেসও। মুম্বই কংগ্রেসের সভাপতি বর্ষা গায়কোয়াড় ঘটনার নিন্দা করে জানান, এই ধরনের আচরণ শুধু একটি ছবির অসম্মান নয়, বরং মহারাষ্ট্রের গৌরব এবং বালাসাহেবকে শ্রদ্ধা করা লক্ষ লক্ষ শিবসেনা কর্মীর আবেগে আঘাত করার শামিল। ফলে সনিয়া গান্ধীর বই ঘিরে শুরু হওয়া প্রতিবাদ এখন শিন্ডে ও উদ্ধব শিবিরের রাজনৈতিক সংঘাতের নতুন ইস্যু হয়ে উঠেছে।







