একদিকে যখন গোরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, মিড-ডে-মিল চুরি সহ একাধিক মামলার অভিযোগে বাংলার হেভিওয়েট নেতাদের গ্রেফতার করেছে পুলিশ। ঠিক তখনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানার পর এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিল সিবিআই।
এর আগে দেবরাজকে পুর নিয়োগ মামলায় জেরা করা হলেও আজ সকাল ৯টার কিছু পরে একেবারে তার রাজারহাটের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তবে গোয়েন্দারা সেখানে পৌঁছনোর পর জানতে পারেন দেবরাজ বাড়িতে নেই। তবে সিবিআই আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি আসেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ। বাড়িতে ঢোকার মুখে তিনি বলেন, “সিবিআই কেন এসেছে জানি না। তবে ওঁদের জেরায় আমি অবশ্যই সাহায্য করব।” সূত্রের খবর, ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা।
প্রসঙ্গত, দেবরাজ চক্রবর্তী হলেন কীর্তনশিল্পী তথা রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বিধায়ক অদিতি মুন্সির স্বামী।এছাড়াও ২০২২ সালে বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দেবরাজকে ভোট পরবর্তী হিংসা মামলাতেও একবার তলব করেছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ ২০১৫ সালে দল ছেড়ে কংগ্রেসে চলে গিয়েছিলেন। পরে ফের অভিষেকের হাত ধরেই আবার তৃণমূলে যোগ দেন দেবরাজ। তখন থেকেই দু’জনের সম্পর্ক বেশ মধুর। স্থানীয় সূত্রে খবর, দেবরাজের অনুরোধেই তৃণমূল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী অদিতি মুন্সিকে ভোটের টিকিট দিয়েছিল।
তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরুর পর ধীরে ধীরে রাজনীতির ময়দানে দেবরাজ নিজের জায়গা পাকা করার পর বিধাননগর তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের একজন ‘দাপুটে’ নেতা হিসাবে পরিচিত হন অচিরেই। এরপর ২০১৮ সালে কীর্তনশিল্পী অদিতি মুন্সিকে বিয়ে করার পর স্বামী দেবরাজের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ করেন অদিতি। তারপরই এই জনপ্রিয় গায়িকা ভোটে জিতে বিধায়ক হন। এবার দেবরাজকে জেরা করে সিবিআই নতুন কী চাঞ্চল্যকর তথ্য পায় সেটাই এখন দেখার বিষয়।







