দলের নাম ভাঙিয়ে অরাজকতা চালালে কোনওভাবেই রেয়াত করা হবে না। বিজেপির পতাকা হাতে নিয়ে যাঁরা বিশৃঙ্খলা তৈরি করছেন, তাঁদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ জানানোর বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকি অভিযুক্তরা দলের সদস্য হলেও তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। শমীকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে শমীক বলেন, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ কাউন্সিলরদের কাছ থেকে পরিষেবা পাচ্ছেন না। তাঁর অভিযোগ, যাঁরা ভোট লুঠ করে জয়ী হয়েছেন, তাঁরাই এখন বিজেপির পতাকা হাতে নিয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, দলকে যাতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে না হয়, সে বিষয়ে কর্মীদেরই নজর রাখতে হবে।
**অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের বার্তা**
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, দলের পতাকাকে কলঙ্কিত করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা অরাজকতা ছড়াচ্ছেন, তাঁদের চিহ্নিত করে থানায় এফআইআর করার নির্দেশ দেন তিনি। অভিযোগের নথি তাঁর কাছে জমা দেওয়ার কথাও জানান শমীক। প্রয়োজনে সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।
**শমীকের বক্তব্যকে কটাক্ষ সুজনের**
অন্যদিকে, শমীক ভট্টাচার্যের এই বার্তাকে কটাক্ষ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর দাবি, এর আগেও একই ধরনের মন্তব্য শোনা গিয়েছে। কিন্তু বাস্তবে থানায় অভিযোগ জানাতে গেলে হুমকির মুখে পড়তে হতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে ভরসা তৈরি হওয়া কঠিন। ফলে শমীকের কড়া বার্তা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







