কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জল্পনা যখন ক্রমশ তীব্র হচ্ছে, ঠিক সেই সময় বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন দলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য না করে আশ্রয় নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার।
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলবদলের জল্পনা এবং তৃণমূলের একাংশের বিজেপিমুখী হওয়ার গুঞ্জনের আবহে শোভনদেবের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আবৃত্তি করেন, “কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রুজলে…”। এরপর কিছুক্ষণ থেমে কবিতার আরেকটি বহুল উদ্ধৃত পংক্তি তুলে ধরে বলেন, “যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?”
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্যের মাধ্যমে শোভনদেব কার্যত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দলের কঠিন সময়ে যাঁরা দূরত্ব তৈরি করছেন বা অন্য রাজনৈতিক বিকল্পের দিকে ঝুঁকছেন বলে অভিযোগ উঠছে, তাঁদের প্রতি নেতৃত্বের অবস্থান কী হওয়া উচিত, সেই ইঙ্গিতই যেন দিয়েছেন তিনি।
এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ও। কেউ তাঁর সম্ভাব্য দলত্যাগকে ‘অবাঞ্ছিত’ বলেছেন, কেউ আবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার চাপ থেকে মুক্তির প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে সুদীপ-জল্পনার আবহে শোভনদেবের কবিতাময় বার্তা তৃণমূলের অন্দর রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।







