হুগলির পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল কলকাতা হাই কোর্ট। জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাজাপ্রাপ্ত অশোক সিংহ। তবে তাঁর আবেদন খারিজ করে নিম্ন আদালতের সিদ্ধান্তে সিলমোহর দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখযোগ্য বিষয় হল, ২০০৪ সালে হেতাল পারেখ খুনের মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা দেওয়ার পর দীর্ঘ ২২ বছরে আর কোনও মামলায় কলকাতা হাই কোর্ট মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখেনি। ফলে এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞ মহলের একাংশ।
২০২৪ সালে হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে অশোক সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হুগলি জেলা আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর ২০২৫ সালে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় নিম্ন আদালত।
জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন অশোক সিংহ। তাঁর তরফে মৃত্যুদণ্ডের সাজা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল। অন্যদিকে, নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখার আবেদন করে রাজ্য সরকারও। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত জেলা আদালতের রায়ই বহাল রাখার সিদ্ধান্ত নেয় ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
তবে এখনই কার্যকর করা যাবে না মৃত্যুদণ্ডের নির্দেশ। আদালত জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে অশোক সিংহের ফাঁসি কার্যকর করা যাবে না। এই সময়ের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তি চাইলে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ, শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে।
প্রসঙ্গত, ২০০৪ সালে স্কুলছাত্রী হেতাল পারেখ খুনের মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পরে সেই নির্দেশ কার্যকরও হয়। এরপর দীর্ঘ সময় আর কোনও মামলায় হাই কোর্টের তরফে মৃত্যুদণ্ড বহাল রাখার নজির ছিল না। প্রায় ২২ বছর পর হুগলির শিশুকন্যা ধর্ষণ ও খুনের মামলায় ফের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার সিদ্ধান্ত ঘিরে তাই নতুন করে চর্চা শুরু হয়েছে।







