আদালত এবং বিচারপতিদের সম্পর্কে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগে কলকাতা হাই কোর্টের কড়া পদক্ষেপের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে অভিষেককে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হতে পারে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, সেই সময় কালীঘাটে তাঁর বাড়ির সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা ঘটেছিল। এরপর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। একই সঙ্গে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলেও কটাক্ষ করেন তিনি। অভিষেকের পোস্টের এই বক্তব্য নিয়েই আপত্তি জানায় উচ্চ আদালত।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের ওই মন্তব্য আদালত অবমাননার শামিল। তাঁর বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না, সেই প্রশ্ন তুলেই শোকজ নোটিস পাঠানো হয়েছে। বিচারপতির মতে, সাংসদের এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়তে পারে।
শোকজের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই হাই কোর্টের একাধিক মামলায় মামলাকারী হিসেবে যুক্ত। ফলে বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কিন্তু আদালত এবং বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে তাঁর করা মন্তব্য একজন জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যাশিত নয় বলেই মনে করছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।







