কলকাতা

জলাশয়ে ময়লা ফেললেই জরিমানা, পার্কে নোংরা করলেও শাস্তি! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অগ্নিমিত্রার

শহরের জলাশয় ও উদ্যানের সৌন্দর্যায়নে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে কর্পোরেট সংস্থাগুলি। পাশাপাশি জলাশয়ে আবর্জনা ফেলা কিংবা পার্কের আশপাশে প্রস্রাব করে পরিবেশ নোংরা করলে গুনতে হবে জরিমানা। এমনকী, প্রয়োজনে কানমলা দেওয়ার মতো শাস্তির কথাও উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে শহরের রাস্তা সংস্কার, পেভার ব্লক মেরামতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এই কাজগুলির জন্য কর্পোরেট সংস্থাগুলিকে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) প্রকল্পের আওতায় যুক্ত করার ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় নকশা ও পরিকল্পনা জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে পার্কের বাইরে প্রস্রাব করার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, পার্কের বাইরে প্রস্রাবের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। ইতিমধ্যেই ব্লিচিং পাউডার দিয়ে সেই জায়গা পরিষ্কার করতে হয়েছে। এমন পরিস্থিতি কেন তৈরি হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।

জলাশয়ে আবর্জনা ফেললে এবার থেকে জরিমানা করার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর মতে, শুধু নিয়ম করলেই হবে না, শাস্তির ব্যবস্থাও আরও কঠোর করতে হবে। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই এ ধরনের পদক্ষেপ শুরু হয়েছে বলেও জানান তিনি। ছোটবেলায় শিশুদের ভুল শুধরে দিতে যেমন শাসনের প্রয়োজন হয়, তেমনই বড়দের ক্ষেত্রেও নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির মাধ্যমে সচেতন করতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিকের বিকল্প হিসেবে ভুট্টার দানা দিয়ে তৈরি ব্যাগ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। প্লাস্টিকের কারণে পরিবেশের ক্ষতি দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। সেই দূষণ কমাতে একাধিকবার প্লাস্টিকের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে কখনও চটের ব্যাগ, কখনও পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ভুট্টার দানা দিয়ে তৈরি ব্যাগ। পরিবেশবান্ধব এই বিকল্প ব্যবহারের মাধ্যমেই প্লাস্টিকের উপর নির্ভরতা কমানোর ভাবনা রয়েছে মন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.