কলকাতা

চিংড়িহাটার জট কাটতেই খুলছে মেট্রোর নতুন পথ, ২১ নভেম্বর অরেঞ্জ লাইনের উদ্বোধনে কলকাতায় মোদি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটিয়ে মিলল স্বস্তির খবর। আগামী ২১ তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে মেট্রোর অরেঞ্জ লাইনের নতুন অংশ। এর ফলে যাত্রীদের কাছে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। এবার এক মেট্রোতেই সরাসরি সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব হবে।

কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত অরেঞ্জ লাইন কবে সাধারণ যাত্রীদের জন্য চালু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন কলকাতাবাসী। কিন্তু চিংড়িহাটা মোড়ে মেট্রোর কাজ আটকে যাওয়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর প্রয়োজনীয় অনুমতি না মেলায় এই অংশের নির্মাণকাজ থমকে ছিল। তবে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সেই জটিলতা কাটে। এরপরই দ্রুতগতিতে শুরু হয় নির্মাণের কাজ।

মাত্র ১২০ ঘণ্টার মধ্যেই চিংড়িহাটায় আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয়। প্রথম পর্যায়ে ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মাঝখানে ২৮ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়। সেই সময় ইএম বাইপাসের উল্টোডাঙামুখী লেন আংশিক বন্ধ রেখে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এরপর এক সপ্তাহের বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত আরও ৬০ ঘণ্টায় ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট স্থাপন করা হয়। অর্থাৎ, দুই পর্যায়ে মোট ১২০ ঘণ্টায় ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়।

চিংড়িহাটার নির্মাণকাজ শেষ হওয়ার পর গত মাস থেকেই ওই রুটে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো শুরু হয়েছে। সম্প্রতি মহালয়ার দিন শনিবার অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত ট্রায়াল রান চালায় নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।

রাজ্যে নতুন সরকার গঠনের পর এক মাস পূর্ণ হওয়ার আগেই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বাংলার রেল পরিকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর নিজেই চিংড়িহাটায় মেট্রোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের এখনও এক মাসও হয়নি। তার আগেই রাজ্যের উন্নয়নের কাজ পুরোদমে শুরু করে দেওয়া হয়েছে। আজ রেলমন্ত্রী নিজে একাধিক কাজ করতে করতে কলকাতায় এসেছেন।”

পূর্ববর্তী সরকারের ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের প্রশাসনের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। দুই সরকারের সম্পর্কের অবনতির কারণে বাংলার মানুষ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের রেল ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের কাজ এখন দ্রুত এগোচ্ছে বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.