কলকাতা

পাবজি গেম থেকেই কি খুনের সূত্র? বরাহনগরে অঞ্জলি হত্যাকাণ্ডে রহস্য বাড়াচ্ছে বাবার দাবি, মোবাইলের মেসেজ ঘিরেও প্রশ্ন

বরাহনগরে ২৬ বছরের অঞ্জলি সাউয়ের রহস্যমৃত্যুর তদন্তে নতুন মোড়। অনলাইন গেম পাবজির সূত্র ধরেই কি খুনের জট খুলতে চাইছে পুলিশ? অসুস্থ হওয়ার পর থেকেই অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন অঞ্জলি। গেম খেলতে গিয়েই অচেনা ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল বলে দাবি করেছেন মৃতার বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউ। বৃহস্পতিবার থানায় গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। যদিও খুনের নেপথ্যে আসল কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বরাহনগরের একটি ফাঁকা ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ওই ফ্ল্যাটটি তাঁর দিদি ও জামাইবাবুর। তাঁদের কর্মসূত্রে শ্রীরামপুরে থাকতে হয়। মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে থাকতেন অঞ্জলি। দেড় বছর আগে যক্ষ্মা ধরা পড়ার পর থেকেই তিনি পাবজি খেলায় বেশি সময় দিতে শুরু করেন বলে দাবি বাবার।

রাজেন্দ্রর অভিযোগ, গেমের সূত্রে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল মেয়ের। ওই যুবক বিশেষ সাধনার কথা বলেছিলেন বলেও দাবি তাঁর। সেই সূত্রেই অঞ্জলি ফ্ল্যাটে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃত্যুর পরেও ফোন থেকে মেসেজ!

তদন্তে আরও রহস্য বাড়িয়েছে অঞ্জলির নিখোঁজ মোবাইল। দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ফোনটি পাওয়া যায়নি। অথচ বুধবার দুপুর ২টো ৩৮ মিনিটে সেই ফোন থেকেই বাবার কাছে ‘হাই’ লেখা মেসেজ আসে। তার আগে মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ এসেছিল, ‘আমায় নিয়ে যাও, আমি বৃষ্টিতে আটকে পড়েছি’ লেখা বার্তা। বাবার দাবি, মেয়ে তখনই মারা গিয়ে থাকতে পারেন। তাহলে ফোন থেকে মেসেজ পাঠাল কে?

অন্যদিকে, অঞ্জলির বাবা রাজনৈতিক যোগসূত্রের কারণে এই ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এক আত্মীয়ের ফোনে হুমকি বার্তা আসার দাবিও করেছেন তিনি। সব দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে পুলিশ। মোবাইলের অবস্থান এবং অনলাইন গেমের সূত্র ধরে খুনের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.