জেলা

আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা

মরশুমের শুরুতেই প্রকৃতির রোষে বিপাকে আলুচাষিরা। আমন ধান ঘরে তুলে নতুন করে আলু চাষের স্বপ্ন দেখেছিলেন পূর্ব বর্ধমানের কৃষকরা। কিন্তু টানা বৃষ্টিতে সেই স্বপ্ন কার্যত অনিশ্চয়তার মুখে। জেলার বিস্তীর্ণ এলাকায় আলুর জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সদ্য রোপণ করা বীজ। পরিস্থিতি এমন যে, জমির জল না নামলে ফের নতুন করে বীজ রোপণ করতে হতে পারে। তাতে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে চাষের খরচ।

১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শক্তিগড়, গাংপুর-সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই আলু চাষের কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও জমি প্রস্তুত, কোথাও আবার পোকরাজ প্রজাতির আলুর বীজ রোপণও শেষ। কিন্তু লাগাতার বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে থাকায় এখন দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। তাঁদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে মাটির নীচে থাকা আলুর বীজ নষ্ট হয়ে যেতে পারে।

**ফের চাষের খরচ, বাড়বে আর্থিক চাপ**

চাষিদের হিসেব অনুযায়ী, এক বিঘে জমিতে আলু চাষ করতে বীজ, সার, শ্রমিক এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা লাগে। প্রথমবার বীজ নষ্ট হলে নতুন করে রোপণ করতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। ফলে শুরুতেই বড়সড় আর্থিক ধাক্কার আশঙ্কা করছেন কৃষকরা।

শুধু যে জমিতে আলু বসানো হয়ে গিয়েছে, সেখানেই সমস্যা নয়। যেসব জমি চাষের জন্য তৈরি করা হয়েছিল, সেখানেও জল জমে থাকায় পিছিয়ে যাচ্ছে আলু রোপণের কাজ। ফলে গোটা চাষের মরশুমের সময়সূচি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

**আলুর দাম নিয়েও চিন্তা**

এর মধ্যেই কৃষকদের পুরনো দুশ্চিন্তা হল বাজারদর। গত কয়েক বছর ধরে অতিরিক্ত উৎপাদনের কারণে হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত থাকার পাশাপাশি বাজারে দাম না মেলায় লোকসানের মুখে পড়েছেন বহু চাষি। তার উপর নতুন মরশুমের শুরুতেই বৃষ্টির এই বিপর্যয়।

সব মিলিয়ে একদিকে জমিতে জল, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচ এবং আলুর বাজারদর নিয়ে অনিশ্চয়তা—তিন দিকের চাপে পূর্ব বর্ধমানের আলুচাষিরা। এখন তাঁদের একটাই অপেক্ষা, দ্রুত জমি থেকে জল নামুক, রক্ষা পাক সদ্য রোপণ করা আলুর বীজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.