দেশ

হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা, রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৯ পুণ্যার্থী

রাজস্থানের কোটা জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের ৯ জন সদস্য নিহত এবং আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। রোববার গভীর রাতে কোটা-উদয়পুর হাইওয়ের শম্ভুপুরা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ওই পরিবারটি খাতু শ্যাম মন্দির দর্শন শেষে তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন আত্মীয় একসাথে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। রাত ১টা নাগাদ সামনের দিকে থাকা ১৬ জন যাত্রীবাহী একটি ‘ক্রুজার’ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে যাত্রীরা আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে কোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সাজ্জন, অনিতা, জাহ্নবী, বাবুলাল এবং মাধবী রয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
কোটার অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশী জানান, প্রশাসনের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ পথ যাত্রার ক্লান্তিতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, কয়েক দিন আগেই রাজস্থানের চুরু জেলায় এমনই এক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন প্রাণ হারিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.