বিশ্ব

ভারতের উত্থানে উদ্বিগ্ন চিন! দিল্লিকে চাপে রাখতে পাকিস্তানকে মদত, বিস্ফোরক দাবি মার্কিন রিপোর্ট*

বিশ্ব রাজনীতিতে ক্রমশ নিজেদের অবস্থান মজবুত করছে ভারত। এশিয়ায় চিনের একচ্ছত্র প্রভাব খর্ব করতে তৎপর নয়াদিল্লি। আর ভারতের এই ক্রমবর্ধমান শক্তি নিয়েই উদ্বেগ বাড়ছে বেজিংয়ের। সেই কারণেই ভারতকে চাপে রাখতে একদিকে সীমান্তে অস্থিরতা তৈরি করা, অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে সাহায্য করার কৌশল নিয়েছে চিন। মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। শুধু তাই নয়, গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর সময়ও ইসলামাবাদকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল বেজিং বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এর পিছনে মূল উদ্দেশ্য, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণ করা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, আমেরিকা ছাড়া চিনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই রয়েছে। সেই তালিকায় অন্যতম ভারত। নয়াদিল্লির শক্তি বৃদ্ধি পেলে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। একইসঙ্গে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে ভারত। রিপোর্টে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল বেজিং। তাই ভারতের প্রভাব বিস্তার রুখতে নানা পদক্ষেপ করছে চিন।

মার্কিন কংগ্রেসের ওই প্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতকে চাপে রাখার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে অর্থনীতিকে ব্যবহার করছে চিন। শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল, প্রযুক্তি এবং কারিগরি দক্ষতার উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বেজিং। এর মাধ্যমে ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পাশাপাশি, নয়াদিল্লির উপর আর্থিক চাপ বাড়াতে গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে চিন। একইসঙ্গে পাকিস্তান ও চিনের মধ্যে ক্রমশ মজবুত হতে থাকা সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। সেখানে বলা হয়েছে, চিনের শক্তি বৃদ্ধি এবং পাকিস্তানের প্রতি তাদের দীর্ঘদিনের সহযোগিতা ভারতের সামনে একসঙ্গে দু’টি বড় নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।

এরপরই প্রতিবেদনে উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসের সংঘাত প্রমাণ করেছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও কীভাবে সঙ্কটের সময়ে পাকিস্তানকে সামরিক ও কৌশলগতভাবে সাহায্য করতে পারে চিন। উল্লেখ্য, চলতি বছরের গোড়াতেই বেজিং প্রথমবার স্বীকার করেছিল যে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করেছিল তারা।

এছাড়াও ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ জানানো হয়েছে মার্কিন রিপোর্টে। প্রতিবেদনে দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে ভারতের সুবিধাজনক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বেজিং। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চিনের ক্রমবর্ধমান উপস্থিতিও নয়াদিল্লির নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.