দেশবিশ্ব

এবার বিপর্যয়ের খবর মিলবে আগেই ! নাসা এবং ইসরোর বিশেষ উদ্যোগ , পৃথিবীর কক্ষপথে ৩৩ ফুট দীর্ঘ রাডার অ্যান্টেনা

পৃথিবীর কক্ষপথে এবার স্থাপন করা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা । যার ফলে এবার আরো সহজেই নজরদারি চালানো যাবে হিমবাহ, জঙ্গল, ভূকম্পন জলবায়ু পরিবর্তন— এর উপরে । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা যৌথ ভাবে এই সিন্থেটিক অ্যাপারচার মিশন (নিসার) শুরু করে । এই মিশনের অধীনেই অ্যান্টেনা স্থাপন করা হয় । পৃথিবীর কক্ষপথে থাকা এই অ্যান্টেনার দৈর্ঘ্য ৩৩ ফুট। এই রাডার অ্যান্টেনার মাধ্যমে পৃথিবীর ৪৬০ মাইল দূর থেকে নজর রাখা যাবে ।

জানা গিয়েছে, এই অ্যান্টেনা মেঘের অস্পষ্টতা ভেদ করেও পৃথিবী পৃষ্ঠের উচ্চমানের ছবি তুলতে পারবে। এই অ্যান্টেনা দিন থেকে রাত— সর্বক্ষণই কাজ করতে সক্ষম। নাসা এবং ইসরোর এই যৌথ উদ্যোগে সুবিধা পাবে বিজ্ঞানী থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিপর্যয় মোকাবিলা দল প্রত্যেকেই। বিপর্যয় যে আসতে পারে, সেটা আগাম জানা যাবে এই রাডার অ্যান্টেনার মাধ্যমে। সেই মতো আগে থেকে সতর্ক হওয়া যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে । নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এবং ইসরো দ্বারা এই নিসার উপগ্রহটি পরিচালিত হবে ।

পাশাপাশি নিসারের ক্ষেত্রে আবহাওয়াও কোনো বাধা সৃষ্টি করতে পারবে না , সব আবহাওয়াতেই এই রাডার অ্যান্টেনা কাজ করতে পারবে। হিমবাহ, জঙ্গল, ভূকম্পন, কৃষিজমির উপরে দিন-রাত নজরদারি করে সামান্য পরিবর্তন হলেও নিসার জানান দেবে পৃথিবীকে।

নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অ্যান্টেনা তৈরি করেছে নরথ্রপ গ্রুম্যান সংস্থা । ছাতার মতো পৃথিবীর উপরে বিরাজমান হবে পৃথিবীর কক্ষপথে থাকা রাডার অ্যান্টেনা। ৪.৫ বার প্রতি মিনিটে আবর্তন করবে এটি। উৎক্ষেপণের সময়ে যে অত্যধিক চাপ হয় , তাও সহ্য করতে সক্ষম এই অ্যান্টেনা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.