উত্তর চিনে একটি ৪০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় চিনের শানশি প্রদেশের তাইউয়ান শহরে অবস্থিত হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে এই আগুন লাগে।
স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪০ তলা উঁচু ওই বহুতলে আবাসনের পাশাপাশি একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানও ছিল। বিভিন্ন সংস্থার অফিস ছাড়াও সেখানে হোটেল, রেস্তোরাঁ এবং শিশুদের জন্য স্টাডি সেন্টার রয়েছে। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা নাগাদ বহুতলের পাঁচতলায় প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ। ক্রেন ব্যবহার করে বহুতলের উপরের অংশে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।
প্রাথমিকভাবে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পাশাপাশি ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চিনে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম নয়। ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাবিধির দুর্বলতা এবং কর্মক্ষেত্রে সুরক্ষার নিয়ম যথাযথভাবে না মানার অভিযোগে সে দেশে প্রায়ই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের মার্চ মাসেও তাইউয়ান শহরের একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ছিল ওই বাড়িটি। সেখানে আইনজীবীদের দফতর, বিভিন্ন অফিস, বার ও রেস্তোরাঁ ছিল। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনজন। গুরুতর আহত হয়েছিলেন আরও অন্তত ২৩ জন।







