দিওয়ালির আনন্দ কাটতে না কাটতেই এক মর্মান্তিক ও রহস্যময় ঘটনার সাক্ষী হলো নাগপুরের বেসা এলাকার রেবতী নগর। নিজের বাড়ি থেকে উদ্ধার হলো এক স্কুলশিক্ষক দম্পতির ঝুলন্ত মৃতদেহ। মৃতদের নাম মণীশ প্রহ্লাদ গাম্ভীর (৩৮) এবং সোনালী গাম্ভীর (৩৫)। গত আগস্ট মাসেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মণীশ ও সোনালী দুজনেই গড়চিরোলি জেলার সুরজাগড়ের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এটি তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। অতীতের তিক্ততা ভুলে দুজনে মিলে নতুন করে সংসার সাজানোর স্বপ্ন দেখছিলেন। দিওয়ালি উদযাপন করতে তাঁরা গড়চিরোলির কর্মস্থল থেকে নাগপুরের বাড়িতে ফিরে আসেন। ঘটনার আগের দিন মণীশের পরিবারের সদস্যরা বিহারে চলে যাওয়ায় বাড়িতে কেবল তাঁরা দুজনেই ছিলেন।
তদন্তে নেমে বেলতারোডি থানার পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টে নাগাদ প্রতিবেশীরা ওই দম্পতির ঘর থেকে প্রচণ্ড চিৎকার ও ঝগড়ার আওয়াজ পেয়েছিলেন। এরপরই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও কোনো সাড়া না পেয়ে রবিবার (৮ নভেম্বর) এক আত্মীয়কে খোঁজ নিতে পাঠান।
ওই আত্মীয় এসে দেখেন বাড়ির মূল দরজা বাইরে থেকে তালাবন্ধ। কোনো উপায় না দেখে তিনি প্রথম তলার জানলা দিয়ে উঁকি মারতেই স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন, শোবার ঘরের সিলিং ফ্যান থেকে আলাদা দুটি ওড়নার সাহায্যে মণীশ ও সোনালীর দেহ ঝুলছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘর থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা সম্ভব হয়নি। বাইরে থেকে ঘর তালাবন্ধ থাকা এবং ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের এই পরস্পরবিরোধী পরিস্থিতি মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ এখন ওই দম্পতির মোবাইল ফোন আনলক করার চেষ্টা করছে।







