ক্রাইম

নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলা সাংবাদিকের! স্বামীর হাতে পিস্তল, ঘিরে রহস্য পাকিস্তানে

বাড়ির ভিতরেই চলল গুলি। রক্তাক্ত অবস্থায় শোওয়ার ঘর থেকে উদ্ধার হল মহিলা সাংবাদিকের দেহ। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় পাকিস্তান। মৃতার নাম রাবিয়া আহসান। তিনি পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম ‘নাইনটি টু’-র সঙ্গে যুক্ত ছিলেন। রাওয়ালপিণ্ডিতে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল প্রায় ৩টে নাগাদ রাওয়ালপিণ্ডির গুলশনাবাদ এলাকার আদিয়ালা রোডে নিজের বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ হন রাবিয়া। সেই সময় বাড়ির লনে ছিলেন তাঁর মা ও বোন। আচমকা গুলির শব্দ শুনে ঘরের দিকে ছুটে যান বোন আলউইনা। সেখানে দিদিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। অভিযোগ, সেই সময় রাবিয়ার স্বামীর হাতে একটি পিস্তল ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক পরীক্ষায় রাবিয়ার ঘাড়ের নীচে এবং পিঠের ডান দিকে গুলির ক্ষত পাওয়া যায়। পরে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে একটি ৩০ বোরের পিস্তল ও কার্তুজ উদ্ধার করে। পুলিশের দাবি, ওই আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় অনুমতিপত্র দেখাতে পারেননি অভিযুক্ত স্বামী।

অন্যদিকে, বাড়ির এক পরিচারকের বয়ান অনুযায়ী, গুলি চলার পর বারবার দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যাওয়ার কথা বলছিলেন আহসান। তবে তাঁর এই দাবি কতটা সত্যি, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিবারের তরফে তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পাকিস্তান পেনাল কোডের ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন আসিফা ভুট্টো জারদারি। রাবিয়ার মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যেক মহিলার নিজের বাড়িতেও নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। একই শহরে এর আগে হিনা জাভেদ নামে আরও এক কর্মরত মহিলার মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

দুই কন্যাসন্তানের মা ছিলেন রাবিয়া। তাঁর আকস্মিক মৃত্যুতে পাকিস্তানের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমেছে। আপাতত স্বামীকে আটক করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গুলি কীভাবে চলল, এর পিছনে কোনও পরিকল্পনা ছিল কি না, নাকি সত্যিই দুর্ঘটনা—সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.