ভরসন্ধ্যায় পুলিশ ফাঁড়ির ভেতর আচমকা জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। ভেঙে চুরমার জানলার কাচ, দেওয়াল জুড়ে চওড়া ফাটল আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ— উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা পুলিশ আউটপোস্টের এই ঘটনায় দেশজুড়ে ছড়াল তীব্র চাঞ্চল্য। প্রাথমিকভাবে এসি বা বাজেয়াপ্ত বাজি ফেটে যাওয়ার দুর্ঘটনা মনে করা হলেও, মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট আসতেই নড়েচড়ে বসেছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলি। ঘটনার নেপথ্যে বড় কোনো জঙ্গি যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই যৌথভাবে আসরে নেমেছে এনআইএ (NIA), এটিএস (ATS), আইবি (IB) এবং দিল্লি পুলিশের বিশেষ দল।
বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই ‘গাজী ২’ নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে চাঞ্চল্যকর এক ভিডিও বার্তা পোস্ট করে এই হামলার দায় স্বীকার করে ‘তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান’ নামের এক স্বল্প পরিচিত সংগঠন। এক মুখোশধারী ব্যক্তি ভিডিওতে এটিকে সরকারের বিরুদ্ধে তাদের বিশেষ অপারেশন বলে দাবি করে হুমকি দেয়। যদিও এর কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়, যার ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করতে এখন মরিয়া সাইবার বিশেষজ্ঞরা। গোয়েন্দাদের প্রাথমিক সন্দেহ, এই নতুন সংগঠনের আড়ালে কলকাঠি নাড়ছে পাকিস্তান সমর্থিত কুখ্যাত ‘শেহজাদ ভাটি নেটওয়ার্ক’, যারা আগেও ভারতে পুলিশকে নিশানা করার ছক কষেছিল।
তদন্তে নেমে পুলিশ আরেকটি গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখছে। ফাঁড়ির ঠিক ৩৫ ফুট ওপর দিয়ে যাওয়া হিন্দন এলিভেটেড রোড থেকে চলন্ত গাড়ি বা বাইক থেকে কোনো বিস্ফোরক নিচে ছুঁড়ে মারা হয়েছিল কি না, তা জানতে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ স্ক্রিনিং করা হচ্ছে। ইতিমধ্যেই সাব-ইন্সপেক্টর বিকাশ সিংহের অভিযোগে ইন্দিরাপুরম থানায় বিস্ফোরক আইন, সরকারি সম্পত্তি নষ্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। গাজিয়াবাদের পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড় জানিয়েছেন, ঘটনাস্থলের প্রাথমিক পরীক্ষায় কোনো বারুদের গন্ধ বা রাসায়নিকের অবশিষ্টাংশ মেলেনি, তাই প্রকৃত কারণ জানতে সংগৃহীত নমুনা আগ্রার ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় থাকার পাশাপাশি আপাতত গোটা উত্তরপ্রদেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।







