কলকাতা

নিউ মার্কেটের হোটেলে ‘জামতাড়া গ্যাং’-এর আদলে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার ১১

কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলের ভিতর থেকে ‘জামতাড়া গ্যাং’-এর আদলে সাইবার প্রতারণা চালানোর অভিযোগে বড়সড় সাফল্য পেল পার্ক স্ট্রিট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অধিকাংশই বিহারের জামুই এবং ঝাড়খণ্ডের দেওঘর জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, সরকারি আধিকারিকদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার জন্য একটি সুসংগঠিত সাইবার অপরাধচক্র তৈরি করেছিল অভিযুক্তরা। তদন্তকারীদের দাবি, PM-KISAN প্রকল্পের আদলে একটি ভুয়ো স্কিম তৈরি করে সাধারণ মানুষকে আর্থিক সুবিধার প্রলোভন দেখানো হত।

এরপর মোবাইল ফোনের মাধ্যমে এলোমেলোভাবে বিভিন্ন Telegram লিঙ্ক পাঠানো হত। সেই লিঙ্কে ক্লিক করলেই প্রতারকদের তৈরি করা ফাঁদে পড়তেন সম্ভাব্য শিকাররা। অভিযোগ, এই লিঙ্ক ব্যবহার করে মোবাইল ফোনে অননুমোদিত প্রবেশের চেষ্টা করা হত এবং প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা হত আধার-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য। পরবর্তীতে সেই তথ্য অপব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত ডিভাইস পরীক্ষা করে একাধিক সন্দেহজনক মোবাইল অ্যাপ্লিকেশন ও ডিজিটাল টুলের সন্ধান মিলেছে, যা ব্যবহার করে প্রতারণার জাল চালানো হত বলে অভিযোগ।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পাশাপাশি সংগৃহীত তথ্য কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.