কলকাতা

আরজি কর দুর্নীতি মামলায় ফের ইডির দফতরে সন্দীপ ঘোষ, সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন অধ্যক্ষ

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির হলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তাঁর কপালে ছিল লাল টিকা। হাতে দু’টি হলুদ ফাইল নিয়ে লিফটে করে উপরের তলায় চলে যান সন্দীপ। তবে ইডি দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি।

তদন্তকারী সূত্রের খবর, আরজি করের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের দায়িত্ব সামলানোর সময় সরকারি অর্থের বিপুল তছরুপ, অবৈধ আর্থিক লেনদেন এবং টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই আর্থিক দুর্নীতির মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ সময় জেলবন্দি ছিলেন সন্দীপ। সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে আইনি স্বস্তি পেলেও আর্থিক অনিয়মের পৃথক তদন্তে ইডির নজরদারিতে ছিলেন তিনি।

গত মাসেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতিতে তাঁর যোগ ছিল বলে অভিযোগ। পাশাপাশি, মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রেও কম নম্বর পাওয়া প্রার্থীদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সিবিআইয়ের তদন্তে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম সামনে আসে। সেই তদন্তের সূত্র ধরেই সন্দীপের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরাকেও ফের গ্রেফতার করা হয়েছিল। যদিও বর্তমানে তিনিও জামিনে মুক্ত। ২০ হাজার টাকার বন্ডে কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

তবে জামিন দেওয়ার পাশাপাশি একাধিক শর্তও আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, নিয়মিত মামলার শুনানিতে হাজির থাকতে হবে তাঁকে। কলকাতা, হাওড়া এবং বিধাননগরের বাইরে যাতায়াতের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। জমা রাখতে হবে পাসপোর্ট। এছাড়া তদন্তকারী সিবিআই আধিকারিকের কাছে নিজের নির্দিষ্ট মোবাইল নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.