মাটির নিচে থাকা ব্রিটিশ আমলের পুরনো পাইপ ফেটে এখনও জলমগ্ন টালা এলাকা। এর জেরে কলকাতা ও বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পাশাপাশি মেরামতির কাজের জন্য বিদ্যুৎ পরিষেবাও আংশিকভাবে বিঘ্নিত। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে পুরসভা সূত্রে খবর। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবারও জোরকদমে চলবে মেরামতির কাজ। অন্যদিকে, কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের পরিষেবাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার টালা রুটে বাতিল থাকবে পাঁচটি লোকাল ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ও সময়সূচিও বদল করা হয়েছে। সব মিলিয়ে এখন কলকাতাবাসীর একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে জল ও বিদ্যুৎ পরিষেবা?
এই বিপর্যয়ের সূত্রপাত সোমবার সকালে। টালায় মাটির নিচে থাকা ৭২ ইঞ্চির একটি পাইপ আচমকাই ফেটে যায়। মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রাস্তায় চলাচল করাও কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য, টালা ট্যাঙ্ক থেকেই কলকাতা এবং বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফাটার ঘটনায় জল পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বরং সমস্যা আরও জটিল আকার নিয়েছে।
পাইপ ফাটার খবর পেয়েই সোমবার ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। তাঁর উপস্থিতিতেই মেরামতির কাজ শুরু হয়। তবে পাইপলাইন ও নিকাশি ব্যবস্থার জটিলতার কারণে দ্রুত কাজ শেষ করা সম্ভব হয়নি। ওই এলাকার একটি বড় অংশ রেলের অধীনস্থ হওয়ায় নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে রেলের সহযোগিতার প্রয়োজন হয়। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে মেরামতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে মঙ্গলবার সকালেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। পুরসভার তরফে জানানো হয়েছে, জল ও বিদ্যুৎ পরিষেবা-সহ সবকিছু স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। এতক্ষণ জল সরবরাহ বন্ধ বা অনিয়মিত থাকলে কীভাবে দৈনন্দিন প্রয়োজন মেটাবেন, তা নিয়েই চিন্তায় বাসিন্দারা।
অন্যদিকে, জল জমে থাকায় কলকাতা স্টেশনেও রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জল সরানোর কাজ করবেন। সেই কারণেই চক্ররেলের একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার বাতিল থাকবে মোট পাঁচটি লোকাল ট্রেন। পাশাপাশি গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট এবং মাঝেরহাট-রানাঘাট লোকাল-সহ একাধিক ট্রেন নির্ধারিত রুটের পরিবর্তে বিকল্প পথে চলবে। সব মিলিয়ে টালার পাইপ বিপর্যয়ের জেরে জল, বিদ্যুৎ ও রেল পরিষেবা নিয়ে চরম সমস্যায় পড়েছেন কলকাতার বাসিন্দারা। এখন দ্রুত মেরামতির কাজ শেষ হওয়ার অপেক্ষায় শহরবাসী।







