চাকরি

চাকরি হারানোর আশঙ্কায় উদ্বেগে কর্মীরা! কোয়ালকমে বড় ছাঁটাই, ভারতে কাজ হারাতে পারেন ১০০০-এর বেশি কর্মী

বিশ্বজুড়ে কর্মী সংকোচনের পথে হাঁটছে মার্কিন প্রযুক্তি সংস্থা কোয়ালকম (Qualcomm)। সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার জেরে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে কয়েক হাজার কর্মীর। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতের কর্মীদের উপর। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই থেকে দিল্লি-এনসিআর—দেশের একাধিক অফিসে কর্মরত কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সূত্রের খবর, ভারতে ১০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বিশ্বজুড়ে কোয়ালকমের মোট কর্মী সংখ্যা প্রায় ৫২ হাজার। তার মধ্যে প্রায় ৩৬০০ জনকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে সংস্থা। ভারতে সংস্থাটির কর্মী সংখ্যা প্রায় ২০ হাজার। ফলে এই ছাঁটাইয়ের বড় ধাক্কা ভারতীয় প্রযুক্তি কর্মীদের উপর পড়তে পারে। শুধু জুনিয়র কর্মীরাই নন, ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও। আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের আরও একটি পর্যায় শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে দেওয়া হবে ক্ষতিপূরণ?

সংস্থার অভ্যন্তরীণ পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তাঁদের তিন মাসের মূল বেতন দেওয়া হবে। পাশাপাশি সংস্থায় কাজের অভিজ্ঞতার প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন দেওয়ার কথা রয়েছে। ছাঁটাই সংক্রান্ত নথিতে সম্মতি দিয়ে সই করলে আরও এক মাসের বেতন পাওয়ার সুযোগ থাকবে।

কেন কর্মী কমাচ্ছে কোয়ালকম?

প্রযুক্তি শিল্পের বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। স্মার্টফোন চিপের ব্যবসায় মুনাফার চাপ বাড়ায় সংস্থা এখন নতুন প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চাইছে। বিশেষ করে ডেটা সেন্টার এবং অটোমোটিভ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে নজর দিচ্ছে তারা। সেই লক্ষ্যেই সংস্থার অভ্যন্তরীণ কাঠামোয় বদল আনা হচ্ছে বলে খবর।

তবে এই ছাঁটাই নিয়ে এখনও পর্যন্ত কোয়ালকম কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ফলে ঠিক কতজন কর্মী শেষ পর্যন্ত চাকরি হারাবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্কিন প্রযুক্তি সংস্থার এই সিদ্ধান্তে ভারতের তথ্যপ্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পের কর্মীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.