দেশ

প্রতিবন্ধী কামরায় শ্লীলতাহানি, বচসার জেরে তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা; ধৃত প্রৌঢ়

লোকাল ট্রেনে এক ২০ বছর বয়সী তরুণীর ওপর নৃশংস হামলার ঘটনায় উত্তাল বাণিজ্যনগরী মুম্বই। শ্লীলতাহানির প্রতিবাদ করায় ওই তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর নাইগাঁও রেলওয়ে স্টেশনে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় ভুক্তভোগী তরুণী তাঁর বাঁ হাতটি চিরতরে হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর নাম সুফিয়া শেখ, তিনি নাইগাঁওয়ের বাসিন্দা এবং বিবাহিত। ৪ নভেম্বর সন্ধ্যায় তিনি বোরিভলি থেকে ভিরারগামী একটি লোকাল ট্রেনে উঠেছিলেন। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি ভুলবশত বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধীদের) জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন। অভিযোগ, সেই কামরায় থাকা ৫৩ বছর বয়সী জিতেন্দ্র হিরমুখে নামের এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি শুরু করে।
সুফিয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ করলে অভিযুক্তের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও তাঁদের মধ্যে বিবাদ চলতে থাকে। সেই সময় অভিযুক্ত জিতেন্দ্র সুফিয়াকে সজোরে ধাক্কা মারলে তিনি দুটি কোচের মাঝের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যান। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করার আগেই ট্রেনটি চলতে শুরু করে, যার ফলে তিনি গুরুতরভাবে জখম হন।
রক্তাক্ত অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুপার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, চিকিৎসকেরা তাঁর জীবন বাঁচাতে কনুইয়ের নিচ থেকে বাঁ হাতটি কেটে বাদ দিতে বাধ্য হন।
ঘটনার পর অভিযুক্ত জিতেন্দ্র রুমাল দিয়ে মুখ ঢেকে স্টেশন চত্বর থেকে পালিয়ে যায়। তবে ভায়ন্দর রেলওয়ে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। ভায়ন্দর রেলওয়ে থানার সিনিয়র পুলিশ ইনস্পেক্টর গণপত তুম্বাদা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নাইগাঁও ইস্টের ওয়াকিপাড়ার বাসিন্দা জিতেন্দ্র হিরমুখেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি ক্যানসারে আক্রান্ত। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.