খেলাধুলা

দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়

আইপিএলের নিলামের আগে দল সাজানোর প্রস্তুতিতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যেই বড়সড় সমস্যার মুখে দিল্লি ক্যাপিটালস। দলের বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেল নাকি আর নেতৃত্বের দায়িত্ব সামলাতে চাইছেন না। তাঁর এই অনীহা ঘিরেই চিন্তায় পড়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট। এর আগে শোনা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের নতুন অধিনায়ক হতে পারেন কেএল রাহুল। সম্ভাব্য অধিনায়কের তালিকায় ছিলেন ঋষভ পন্থও। এবার সেই জল্পনার মধ্যেই সামনে এল অক্ষরের নেতৃত্ব ছাড়ার ইচ্ছার খবর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত অক্ষরকে অধিনায়কের পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা নেই দিল্লির। বরং তাঁকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। যদিও সেই প্রচেষ্টায় খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। অক্ষরের নেতৃত্বে গত দু’টি মরশুমে প্লেঅফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। পাশাপাশি অধিনায়কত্বের বাড়তি চাপ তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। ২০২৬ সালের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে অক্ষরের সংগ্রহ মাত্র ১৭৩ রান। বল হাতেও পেয়েছেন ১১টি উইকেট।

অন্যদিকে, অক্ষরকে দলে পাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। সংবাদমাধ্যমের দাবি, তাঁকে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগও করেছিল বেশ কয়েকটি দল। এমনকি আকর্ষণীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে কোনও প্রস্তাবেই সম্মতি দেয়নি দিল্লি। অক্ষরকে ছাড়ার বিষয়ে একেবারেই আগ্রহী নয় তারা। দিল্লি ক্যাপিটালসের এক সূত্রের বক্তব্য, অক্ষর অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে বিশেষ উৎসাহী নন। তাঁকে রাজি করানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট। দলের কাছে অক্ষরের গুরুত্ব অপরিসীম। তাঁকে পাওয়ার জন্য একাধিক ভালো প্রস্তাব এলেও সবক’টিই ফিরিয়ে দেওয়া হয়েছে। নিলাম শেষ হওয়ার আগে অধিনায়কত্ব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি।

আগামী আইপিএল মরশুমের আগে দিল্লি ক্যাপিটালসের অন্দরমহলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ডিসেম্বরের মেগা নিলামের আগে কোচিং বিভাগেও একাধিক নতুন মুখ যুক্ত হয়েছেন। দলের হেডকোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সহকারী সাপোর্ট স্টাফ হিসাবে থাকবেন যুবরাজ সিং, চামিন্ডা ভাস এবং অমিত মিশ্র। পাশাপাশি দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালসের অন্যতম পরিচিত মুখ ঋষভ পন্থও দলে ফিরেছেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে পরপর দু’টি হতাশাজনক মরশুম কাটানোর পর পুরনো দলে প্রত্যাবর্তন করেছেন তিনি।

সব মিলিয়ে নতুন মরশুমের আগে দিল্লির দল পরিচালনা ও নেতৃত্বে আরও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, অক্ষর প্যাটেলকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত রাজি করাতে পারবেন কি সৌরভ গঙ্গোপাধ্যায়? নাকি নিলামের পর দিল্লির নেতৃত্বের ব্যাটন উঠবে অন্য কারও হাতে? নজর থাকবে সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.