মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের রক্ষণভাগে নতুন করে শক্তি যোগানোর লক্ষ্যে সই করিয়েছে ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়েরকে। পর্তুগিজ ডিফেন্ডার নুনো রুইসকে মোহনবাগান ছিনিয়ে নেওয়ার পর, দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিজ্ঞ ফ্লোরেন্টকে দলে ভিড়িয়েছে মহামেডান। ৩৫ বছর বয়সী ফ্লোরেন্ট ক্লেমঁ ফুট ৬৩ ক্লাবের হয়ে লিগ ওয়ানে খেলার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিফেন্ডার। ফরাসি লিগে তাঁর নাম রয়েছে অত্যন্ত সমীহ জাগানো, গত তিন মরশুমে ক্লেমঁর হয়ে ৭০টি ম্যাচ খেলে দু’টি গোল করেছেন।
মহামেডানের আইএসএল যাত্রা শুরুর ঠিক আগে মহম্মদ কাদিরির চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া ক্লাবের জন্য বড় ধাক্কা ছিল। নুনো রুইসকে সই করানোর কথা থাকলেও, শেষ মুহূর্তে মোহনবাগান তাকে দলে নিয়ে নেয়। ফলে বিকল্প খুঁজতে নেমে ফ্লোরেন্টের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে দলে টেনে নিল সাদা-কালো ব্রিগেড।
সূত্রের খবর, ভিসার কাজ শেষ করেই ফ্লোরেন্টকে দ্রুত কলকাতায় আনার চেষ্টা করছে মহামেডান। দিন তিনেকের মধ্যেই ফ্লোরেন্ট দলের সঙ্গে যোগ দেবেন বলে ক্লাব আশাবাদী। যদিও এখনই কোনও সরকারিভাবে মন্তব্য করতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তবে, প্রথমবার আইএসএলে নেমে মহামেডান স্পোর্টিং সঠিক সিদ্ধান্তের পথে এগোচ্ছে বলে মনে করছেন ক্লাব সমর্থকরা।







