খেলাধুলা

ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন সুনীল ছেত্রী

প্রায় দুই দশকের দীর্ঘ ফুটবল কেরিয়ারে দেশের জার্সিতে একের পর এক কৃতিত্ব অর্জন করেছেন সুনীল ছেত্রী। এবার ফুটবল মাঠের বাইরেও সমাজের প্রতি দায়িত্ব পালনে এগিয়ে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে একমাত্র পুরুষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে যোগ দিয়ে নতুন নজির গড়লেন সুনীল।

২০২৫ সালে শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে এই কর্মসূচির সূচনা হয়েছিল। তবে দ্বিতীয় সংস্করণে উদ্যোগের পরিধি বাড়িয়ে বিশ্বের ১৩ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে ফিফা। তাঁদের মধ্যে সুনীল ছেত্রী-সহ ১১ জন গত জুন মাসে আমেরিকার বস্টনে আয়োজিত তিন দিনের ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপ’-এ অংশ নেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, ফুটবলারদের জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং তরুণ খেলোয়াড়দের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা।

এই দলে সুনীলের পাশাপাশি রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং ব্রাজিলের গাবি নুনেসের মতো পরিচিত মুখ।

ফিফার এই উদ্যোগের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুনীল। তিনি জানিয়েছেন, এই কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে আগ্রহী তিনি। তাঁর কথায়, “এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা শিখব, তা বাস্তবে প্রয়োগ করার জন্য মুখিয়ে রয়েছি। আমার মনে হয় না, নারী ও পুরুষের মধ্যে কোনও পার্থক্য রয়েছে। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রথম সারির ফুটবলারদের সঙ্গে একত্র হয়েছি।”

বস্টনের কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সমাজের কোন কোন বিষয় তাঁদের কাছে গুরুত্বপূর্ণ, তা নিয়েও আলোচনা হয়।

এই কর্মসূচি প্রসঙ্গে ফিফার চিফ ফুটবল অফিসার জিল এলিসের বক্তব্য, খেলোয়াড় কিংবা কোচ হিসেবে দীর্ঘ কেরিয়ারে প্রত্যেকেই নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে পরিচিতি তৈরি করতে চান। গুরুত্বপূর্ণ সেভ, জয়সূচক গোল কিংবা ম্যাচের শেষ মুহূর্তের ট্যাকল তাঁদের সাফল্যের পরিচয় হয়ে ওঠে। তবে খেলার বাইরেও সমাজের জন্য একজন মানুষ হিসেবে কী অবদান রাখা যাচ্ছে, সেই প্রশ্নও প্রত্যেকের নিজেদের করা প্রয়োজন।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে লন্ডনে ফের একত্রিত হওয়ার কথা রয়েছে এই কর্মসূচির সদস্যদের। কয়েকজন সরাসরি উপস্থিত থাকলেও অনেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিতে পারেন। সেখানে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা। সব মিলিয়ে ফুটবলের বাইরেও সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে ফিফার এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন সুনীল ছেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.