জুনিয়র ক্রিকেটের মঞ্চেও ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে পরাজিত করল পাক দল। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ৪৮ ওভারে ৭ উইকেট হারিয়ে অর্জন করে তারা। পাকিস্তানের এই নাটকীয় জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান উইকেটকিপার-ব্যাটার হামজা জহুরের। তাঁর অপরাজিত শতরানের ইনিংসেই কার্যত অসম্ভবকে সম্ভব করে জয় তুলে নেয় পাকিস্তান।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ঈশান সুদ ও মনাল চৌহানের বোলিংয়ের সামনে মাত্র ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। একসময় ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন হামজা জহুর। ষষ্ঠ উইকেটে হাসনাইন আব্বাস দারের সঙ্গে তাঁর ১০০ রানের গুরুত্বপূর্ণ জুটি পাকিস্তানকে জয়ের লড়াইয়ে ফিরিয়ে আনে।
হাসনাইন একদিকে উইকেট ধরে রাখেন, অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হামজা। শেষদিকে সাইয়ামের উইকেট হারিয়েও বিচলিত হননি তিনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন। ১০৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন হামজা। এই জয়ের ফলে গ্রুপ এ-তে শীর্ষস্থান কার্যত পাকা করে ফেলল পাকিস্তান।
অর্জুনের শতরানেও রক্ষা পেল না ভারত
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং বিভাগ। প্রত্যাশা থাকলেও রান করতে ব্যর্থ হন আর্যবীর সেহওয়াগ (২২) এবং অন্বয় দ্রাবিড় (১০)। একসময় ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে ভারত। সেই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অর্জুন রাজপুত। দুরন্ত ব্যাটিংয়ে ৮৫ বলে ১০৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। পরবর্তীতে কাব্য প্যাটেলের ২৩ রানের সাহায্যে নির্ধারিত ইনিংসে ২০৮ রান সংগ্রহ করে ভারত। শুরুতে ভারতীয় বোলাররা পাকিস্তানের উপর চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত সেই রান ধরে রাখতে পারেননি।
পরিসংখ্যান অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এর আগে ভারত ৯ বার পাকিস্তানকে হারিয়েছে। তবে গত বছরের ডিসেম্বরেও বড় ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। এবারের প্রতিযোগিতায় পরপর দু’টি ম্যাচ জিতে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট। ভারতের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে আগামী ১০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জিততেই হবে ভারতের জুনিয়র দলকে।







