পটল খেতে ভালোবাসেন না? তা হলে স্বাদ বদলাতে একবার বানিয়ে দেখুন ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল। পটল আর ভাজা মুগ ডালের এই দারুণ সংমিশ্রণ একেবারে ঘরোয়া নিরামিষ পদকে করে তুলতে পারে আরও সুস্বাদু।
প্রথমে মুগ ডাল হালকা করে ভেজে নিয়ে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্যদিকে পটল খোসা ছাড়িয়ে টুকরো করে সামান্য নুন-হলুদ মাখিয়ে ভেজে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে তাতে জিরে, শুকনো লঙ্কা ও সামান্য আদা দিয়ে ফোড়ন দিন।
এরপর ভাজা পটল ও সেদ্ধ মুগ ডাল দিয়ে প্রয়োজনমতো নুন-হলুদ মিশিয়ে ভালো করে কষতে হবে। সামান্য জল দিয়ে ঢেকে রান্না করুন, যাতে পটল নরম হয়ে ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। শেষে উপর থেকে এক চামচ ঘি এবং সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল। পটল নিয়ে অনীহা থাকলেও এই নিরামিষ পদ একবার চেখে দেখলে পাতে ফের নিতে ইচ্ছে করতেই পারে!







