ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসা, খুনসুটি আর মিষ্টিমুখের আয়োজন। এই বিশেষ দিনে ভাইয়ের পছন্দের খাবার দিয়ে থালা সাজাতে চান প্রত্যেক বোনই। কিন্তু ভাই যদি ডায়াবেটিসে আক্রান্ত হন কিংবা চিনি খাওয়া এড়িয়ে চলেন, তাহলে মিষ্টি বাছাই করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে চিন্তার কারণ নেই। দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতেই তৈরি করতে পারেন খেজুর ও বাদামের বরফি। চিনি ছাড়াই তৈরি এই মিষ্টিতে খেজুরের প্রাকৃতিক মিষ্টি স্বাদ যেমন থাকবে, তেমনই বাদামের স্বাদও মন জয় করবে। রইল সহজ রেসিপি।
বরফি তৈরির উপকরণ:
– আমন্ড পাউডার – ১ কাপ
– খেজুর – ১৫টি
– কাজুবাদাম – ১২টি
– পেস্তা – ১২টি
– ঘি – ৩ চা চামচ
– এলাচ গুঁড়ো – আধ চা চামচ
– দুধ – আধ কাপ
প্রণালী:
প্রথমে খেজুরের বীজ বের করে ছোট ছোট টুকরো করে নিন। এরপর মিক্সিতে খেজুর দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে সামান্য দুধ মেশাতে পারেন। এবার কাজুবাদাম ও পেস্তা কুচিয়ে নিন। কিছুটা বাদাম পরে সাজানোর জন্য আলাদা করে রাখুন।
এরপর একটি ননস্টিক প্যানে ২ চা চামচ ঘি গরম করে খেজুরের পেস্ট দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। মিনিট পাঁচেক পর আমন্ড পাউডার মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মিশ্রণ ঘন হয়ে এলে কাজুবাদাম, পেস্তা ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে, তখন গ্যাস বন্ধ করে দিন। এবার একটি থালায় সামান্য ঘি মাখিয়ে তার উপর মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। উপরে আগে থেকে রাখা বাদাম কুচি ছড়িয়ে দিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। বরফি জমে গেলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।
একটি বিষয় মাথায় রাখুন: চিনি না দিলেও খেজুরে প্রাকৃতিক শর্করা থাকে। তাই ডায়াবেটিস থাকলে এই বরফি সুগার ফ্রি বা সম্পূর্ণ নিরাপদ নয়। খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।







