ফুটবল মাঠে সংঘর্ষের মর্মান্তিক পরিণতি। প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে এক ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচের জন্য নির্বাসিত হলেন আন্দোরার গোলরক্ষক জেসুস ওওনো (Jesus Owono)। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনাটি ঘটে টেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেলের সঙ্গে ওওনোর সংঘর্ষকে কেন্দ্র করে। গত ১২ নভেম্বর ৩০ বছর বয়সি দে মিগেলের মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে।
শৃঙ্খলারক্ষা কমিটির বক্তব্য, মাঠে ওই সংঘর্ষের সময় ওওনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিলেন। রেফারির রিপোর্ট অনুযায়ী, বল খেলার মধ্যে থাকা অবস্থায় প্রতিপক্ষ ফুটবলারের বুকে পা দিয়ে অত্যন্ত জোরে আঘাত করেন তিনি। এই আচরণকে হিংসাত্মক এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ হিসেবে চিহ্নিত করেছে কমিটি।
রেফারির রিপোর্টে উল্লেখিত ঘটনার ভিত্তিতেই ওওনোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।







