কোমরের চোট সারিয়ে উঠতে না পারায় ২০২৬ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। প্রাথমিক দলে তাঁর নাম থাকলেও শেষ মুহূর্তে চোটের কারণে তাঁকে চূড়ান্ত ১৫ জনের দলে রাখা সম্ভব হয়নি। কামিন্সের পরিবর্তে দলে সুযোগ পেলেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস।
চূড়ান্ত দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও একটি বড় চমক দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন স্টিভ স্মিথ। চলতি বিগ ব্যাশে ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল নজরকাড়া—১৬৭.৯৭। তবু নির্বাচকদের আস্থায় জায়গা করে নিতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাথু রেনশকে। নির্বাচকদের মতে, টপ অর্ডারে একাধিক প্রতিষ্ঠিত ব্যাটার থাকায় মিডল অর্ডারকে আরও মজবুত করতেই এই পরিবর্তন। সেই কৌশলের অংশ হিসেবেই শর্টের বদলে রেনশকে বেছে নেওয়া হয়েছে।
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। চূড়ান্ত দলে রয়েছেন জেভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইনগ্লিস, ম্যাথিউ কুনহেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।
অভিজ্ঞতা ও ভারসাম্যের উপর জোর দিয়েই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে অস্ট্রেলিয়া—এমনটাই ইঙ্গিত দিল চূড়ান্ত দল নির্বাচন।







