শান্তিপুরের নটিপল্লি থেকে বিদেশি নাবালিকার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনায় গ্রেপ্তার দুই। যে বাড়িতে নাবালিকাকে লুকিয়ে রাখা হয়, সেই বাড়ির মালিকের বিরুদ্ধে চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ।
শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে নটিপল্লী । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পরও সেই যৌনপল্লিকে ওঠানো যায়নি। প্রায়শই বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে ওই পল্লিকে কেন্দ্র করে । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নদিয়া চাইল্ড লাইন থেকে শান্তিপুর থানার কাছে অভিযোগ করা হয়, এক বিদেশি নাবালিকাকে আটকে রাখা হয়েছে সেখানে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ সেখানে তল্লাশি চালায়।
এরপর এক ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই বিদেশি নাবালিকাকে। রাতেই তাকে কৃষ্ণনগর হোমে পাঠানো হয়। ধৃত দুইজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত পুলিশ কিছু জানায়নি। কোথা থেকে কীভাবে আনা হয়, সেই বিষয়ে তদন্ত চলছে।






