জেলা

চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩

মোবাইলে ভিডিও করার নেশা, নাকি অসতর্কতাই ডেকে আনল বিপদ? বসিরহাটে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরাতন সাতক্ষীরা রোডে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এক পান ব্যবসায়ী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে ইটিন্ডায় নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আখারপুর এলাকায় উল্টো দিক থেকে বসিরহাটের দিকে আসছিল আরও একটি মোটরবাইক। তাতে ছিলেন দুই যুবক। অভিযোগ, বাইক চালানোর সময়ই মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত ছিলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মধ্যে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে চারজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কোনও বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না। তবে ঠিক কী কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার এবং হেলমেট ছাড়া বাইক চালানোর বিপদ ফের সামনে এনে দিল বসিরহাটের এই দুর্ঘটনা। সামান্য অসতর্কতাও যে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.