রাজ্য

সাত দিনের ডেডলাইন, ভোটার তালিকা সংশোধনে কড়া নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে সময়ের মধ্যে শেষ করতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশোধন সংক্রান্ত সমস্ত শুনানি আগামী ৭ দিনের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি নোটিস জারি, শুনানি গ্রহণ এবং নথি অনলাইনে আপলোডের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চের বৈঠকেই এই নির্দেশিকা জারি করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত, সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিক ও নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা। কমিশনের এক শীর্ষ আধিকারিক দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যেই SIR প্রক্রিয়া শেষ করাই কমিশনের মূল লক্ষ্য। নির্দেশে রয়েছে, ১লা ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সমস্ত শুনানির নোটিস জারি করতে হবে। এরপর নোটিস জারির দিন থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে শুনানি সম্পন্ন করে সংশ্লিষ্ট নথি নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। ইতিমধ্যে যেই শুনানি শেষ হয়েছে, সেই নথিগুলি ২রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দিয়েছে।

এছাড়াও, নজরদারি আরও শক্তিশালী করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজারভারকে শুনানি কেন্দ্র থেকে সরিয়ে রোল অবজারভারদের সহায়তায় নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে রোল অবজারভার স্তরে তদারকি আরও বৃদ্ধি করা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, পূর্বঘোষিত সূচি অনুসারী ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কোনও বিলম্ব হবে না। এদিকে, উপ-মুখ্য নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার বৃহস্পতিবার রাজ্যে পৌঁছে ৩ দিনের সফরে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.