রাজ্যে চলছে এসআইআরের শুনানি পর্ব। SIR এর এনুমারেশন ফর্মে , যাদের কিছু গরমিল লাগছে , তাদেরই ডাক পড়ছে শুনানিকেন্দ্রে। সাধারণ মানুষ থেকে শুরু করে , অভিনেতা – রাজনীতিবিদ – খেলোয়াড় সবাই রয়েছেন এই ডাক পড়ার তালিকায় । আর এবার শুনানির নোটিশ পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেনও।
রামপুরহাটের সভা থেকে মঙ্গলবারই এই ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর তারপরেই এবার নোটিশ পৌঁছালো নোবেলজয়ীর শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে । কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল এই নোটিশ নিয়ে যায় অমর্ত্য সেনের বাড়িতে ।
এই নোটিশ অনুযায়ী, “অর্মত্য সেনের সঙ্গে তাঁর পিতা/মাতার বয়সের পার্থক্য ১৫ বছরের কম।” যা কমিশনের কথায় সাধারণভাবে প্রত্যাশিত নয়। তবে উল্লেখ্য , অমর্ত্য সেনকে হাজিরা দিতে হবে না শুনানি কেন্দ্রে। এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিলেই , ভুল সংশোধন হয়ে যাবেই। তবে নোবেলজয়ীকে এই নোটিশ পাঠানো নিয়ে , ইতিমধ্যেই ‘হয়রানি’ করা হচ্ছে বলে , সরব হয়েছেন অমর্ত্য সেনের ভাই শান্তভানু সেন।
অমর্ত্য সেনের ভাই শান্তভানু সেন বলেন, ”ওরা বলল কাগজপত্র কিছু মিলছে না। তাই নোটিস নিতে হবে।” তাঁর দাবী, ”হয়রানি করা হচ্ছে। সবাই চেনে। এরপরেও বলা হচ্ছে তিনি নাকি নাগরিক নয়।” শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির দায়িত্বে থাকা গীতিকন্ঠ মজুমদার জানিয়েছেন, ”অমর্ত্য সেনের সমস্ত যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা কাগজপত্র দিয়ে সহযোগিতা করব। কোন সমস্যা হওয়ার কথা নয়।” তিনি আরো বলেন, ”এটা দুর্ভাগ্যের যে উনার মত মানুষকেও অসম্মানিত হতে হচ্ছে বারংবার।”







