রাজ্য

আদালত অবমাননার মামলার জের, অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি এসএসসির

আদালতের নির্দেশ অমান্য করে আর কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত চাপের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কমিশন। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর ফের চাকরিতে যোগ দেওয়ার আশা তৈরি হয়েছে তাঁদের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ সত্ত্বেও এসএসসি কোনও কার্যকর পদক্ষেপ না করায় দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। সেই মামলায় আদালতের কড়া অবস্থানের মুখে ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল কমিশন। অবশেষে সেই প্রতিশ্রুতি মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

মামলাকারী ৭৯ জনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, প্রত্যেকেই যোগ্য শিক্ষক-শিক্ষিকা। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই তিনটি স্তরেই তাঁরা আবেদন করেছিলেন। প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত মেধাতালিকায় জায়গা হয়েছিল তাঁদের। কিন্তু নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হওয়ায় ওই দুই বিভাগে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। সেই কারণে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অংশ নেওয়া আর সম্ভব হয়নি।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগ বাতিল হয়ে যায়। সেই তালিকায় নাম ছিল এই ৭৯ জনেরও। যদিও শীর্ষ আদালতের নির্দেশে আগের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যোগ্য ছিলেন এবং যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ওঠেনি, তাঁদের পুরনো চাকরিতে ফেরার সুযোগ রাখার কথা বলা হয়েছিল। সেই সুযোগ পাওয়ার দাবিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের আইনজীবীর বক্তব্য, এসএসসির প্রশাসনিক গাফিলতির ফলেই চাকরি হারাতে হয়েছে তাঁদের।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে যখন আপার প্রাইমারির কাউন্সেলিং চলছিল, তখনই ৭৯ জনকে সেই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়। মামলাকারীদের বক্তব্য খতিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, সমস্ত বিষয় বিবেচনা করে তাঁদের কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু সেই নির্দেশের পরেও এসএসসির তরফে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ফলে ফের হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। কমিশনের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা।

মামলার শুনানিতে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল, শূন্যপদের হিসাব-নিকাশ খতিয়ে দেখে আগামী ছ’সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হবে। আদালতে সেই মর্মে লিখিত প্রতিশ্রুতিও দেয় কমিশন। অবশেষে আদালতে দেওয়া সেই আশ্বাস অনুযায়ী ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার তাঁদের কাজে ফেরার পথ অনেকটাই প্রশস্ত হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.