মাঝরাতের অন্ধকারে বুলডোজারের গর্জন আর মানুষের চিৎকারে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির তুর্কমান গেট এলাকা। হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়ে প্রশাসন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। এই সংঘর্ষে পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত ১টা নাগাদ। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসসিডি) কর্তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফৈজ-ই-ইলাহি ও তুর্কমান গেট চত্বরে উচ্ছেদ অভিযান চালাতে পৌঁছান। আদালতের নির্দেশ মেনেই পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে বুলডোজার নামানো হয়েছিল। কিন্তু কাজ শুরু হতেই ঘুমন্ত এলাকা জেগে ওঠে। শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে এসে উচ্ছেদের বিরোধিতা করতে থাকেন।
বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু হতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টি শুরু হয়। আকস্মিক এই হামলায় পিছু হটতে বাধ্য হন বেশ কিছু পুলিশকর্মী। আহতদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরই উন্মত্ত জনতাকে হটাতে অ্যাকশনে নামে দিল্লি পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি পরিস্থিতি আয়ত্তে আনতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ভোর রাত পর্যন্ত এলাকা ছিল থমথমে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে প্রশাসনের এই কড়াকড়ি আর স্থানীয়দের এই পালটা প্রতিরোধের ঘটনায় গোটা দিল্লিতে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ, আগাম কোনো ব্যবস্থা না করেই এভাবে মাঝরাতে উচ্ছেদ করাটা অমানবিক। অন্যদিকে প্রশাসনের দাবি, আদালতের কড়া নির্দেশ পালন করতেই তাঁরা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।







