বিদেশ

এটিসি যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিভ্রাট, চার ঘণ্টা বন্ধ আমেরিকার বিমান পরিষেবা! বিপাকে হাজার হাজার যাত্রী

এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির যোগাযোগ ব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটি। যার জেরে প্রায় চার ঘণ্টার জন্য গোটা আমেরিকায় বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। এই ঘটনায় দেশজুড়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ারে’র পরিসংখ্যান অনুযায়ী, এই বিপর্যয়ের প্রভাব পড়েছে প্রায় ১১ হাজার উড়ানে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি হামলার পর এই প্রথম দেশজুড়ে এমনভাবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টে ৫৪ মিনিটে (ভারতীয় সময় শনিবার ভোর ২টো ২৪ মিনিট) আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘোষণা করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকা থেকে ছেড়ে যাওয়ার সমস্ত বিমান বাতিল করা হচ্ছে। বিমানবন্দরে থাকা উড়ানগুলিকেও সাময়িকভাবে আটকে দেওয়া হয়। এফএএ জানায়, বিভিন্ন আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। তবে সেই সময় আকাশে থাকা বিমানগুলিকে কোনওরকম ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করানো হয়।

‘ফ্লাইটঅ্যাওয়ারে’র হিসাব অনুযায়ী, এই নিষেধাজ্ঞার কারণে প্রায় ১০ হাজার উড়ান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে। পাশাপাশি বাতিল হয়েছে এক হাজারেরও বেশি বিমান। বেশ কিছু উড়ানের গতিপথও পরিবর্তন করতে হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। বিমানবন্দরগুলিতেও আটকে পড়েন বহু মানুষ।

প্রায় চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এফএএ। এরপর ধীরে ধীরে ফের শুরু হয় বিমান চলাচল। যদিও পুরো পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে এটিসির যোগাযোগ ব্যবস্থায় ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, তা এখনও স্পষ্ট করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ১১ জানুয়ারি ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নোটাম (NOTAM) ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত গোলযোগের কারণে আমেরিকায় বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু দেশ থেকে ছেড়ে যাওয়া সমস্ত উড়ান বাতিল করার মতো ঘটনা ২০০১ সালের পর এই প্রথম। ফলে গত ২৫ বছরের মধ্যে মার্কিন আকাশপথে অন্যতম বড় বিপর্যয় হিসেবে উঠে এসেছে এই ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.