কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চারটি রবিবার আংশিকভাবে বন্ধ থাকবে উত্তর-দক্ষিণ মেট্রো বা ব্লু লাইনের পরিষেবা। আগামী ১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট অংশে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) স্টেশনের মধ্যে পরিষেবা পাওয়া যাবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চার দিন ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বাকি অংশে পরিষেবা চালু থাকবে।
**কেন এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের?**
দীর্ঘদিন ধরেই কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন বন্ধ রয়েছে। স্টেশন এলাকায় ফাটল ধরা পড়ার পর যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পরিষেবা বন্ধ করা হয়। পরবর্তী সময়ে রাইটসের বিশেষজ্ঞরা বিভিন্ন অংশ পরীক্ষা করে কিছু পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কাজের সুপারিশ করেন। সেই পরামর্শ মেনেই রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
**ডিসেম্বরে বাড়বে যাত্রীর চাপ**
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, রক্ষণাবেক্ষণের কাজ আরও পিছিয়ে দিলে আগামী দিনে সমস্যা বাড়তে পারে। ডিসেম্বর মাসে ছুটি, ঘোরাঘুরি ও পিকনিকের কারণে মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে। সেই সময় পরিষেবা ব্যাহত না করে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই নভেম্বর ও ডিসেম্বরের প্রথম রবিবারগুলিকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
তাই আগামী চার রবিবার দক্ষিণ কলকাতার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা মাথায় রেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।







