কলকাতা

কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, বাড়ল পড়ুয়াদের খাবারের বরাদ্দ

কলকাতা: কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। আগামী ১ অগস্ট থেকে কলকাতা-সহ রাজ্যের বড় একটি অংশের স্কুলে পড়ুয়াদের দুপুরের খাবার সরবরাহের দায়িত্ব নিতে চলেছে ইসকন। সোমবার বিকাশ ভবনে শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মিড ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পড়ুয়াদের খাবারের তালিকায় ডিম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আরও কয়েকদিন আলোচনা করুন।” তিনি জানান, ১ অগস্ট থেকে ইসকন শুধু খাবার সরবরাহের দায়িত্বই নেবে না, বরং উন্নত মানের খাবার দেওয়ার পাশাপাশি কিছু ভর্তুকিও দেবে।

একইসঙ্গে পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের দৈনিক রান্নার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন যেখানে জনপ্রতি বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। বাড়তি ৩ টাকা ২২ পয়সার খরচ বহন করবে রাজ্য সরকার। নতুন এই বরাদ্দও কার্যকর হবে ১ অগস্ট থেকে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু স্কুল নয়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও খাবারের মান উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক ডায়েট খরচ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।

রাজ্য সরকারের দাবি, পড়ুয়া ও রোগীদের পুষ্টি এবং খাবারের মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি না, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.